নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মসংস্থানের লক্ষ্যে এবারের বাজেটে তিনটি প্রকল্প ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর মধ্যে দুটি প্রকল্প ছিল পিএফ সংক্রান্ত। একযোগে সেগুলির নাম দেওয়া হয়—এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ (ইএলআই)। প্রকল্পগুলির মধ্যে প্রথমটি হল উৎপাদন শিল্প কেন্দ্রিক উৎসাহ ভাতা। উৎপাদন শিল্প সংস্থাগুলি নতুন কর্মচারী নিয়োগ করলে কেন্দ্রীয় সরকার তাদের পিএফ সংক্রান্ত আর্থিক সুরাহা বা ইনসেন্টিভ দেবে। দ্বিতীয় স্কিমে যেকোনও শিল্পক্ষেত্রে যদি কোনও সংস্থা নতুন কর্মচারী নিয়োগ করে তাহলে সংস্থার তরফে প্রদেয় পিএফ কন্ট্রিবিউশন বাবদ মাসিক সর্বোচ্চ তিন হাজার টাকা দেবে কেন্দ্র। সম্প্রতি শ্রমমন্ত্রক জানিয়েছে, এই স্কিমের সুবিধা যেসব কর্মচারীকে দেওয়া হবে তাঁদের যেমন পিএফের নির্দিষ্ট ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) চালু রাখতে হবে, তেমনই থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারেরও লিঙ্ক। আধারের সঙ্গে সংযোগ থাকতে হবে ইউএএনেরও। পিএফ কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংক্রান্ত কাজ আগামী ১৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। গোড়ায় এই সময়সীমা ছিল ৩০ নভেম্বর। তারপর তা আরও ১৫ দিন বাড়ানো হয়। ফের তা বাড়ানো হয়েছে একমাস। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, যেভাবে সময়সীমা বাড়ানো হচ্ছে তাতে স্কিমগুলি কবে চালু হবে, তা অনিশ্চিত হয়ে যাচ্ছে।
Advertisement
চলতি অর্থবর্ষে নতুন নিযুক্ত কর্মীরাই এই সুবিধা পাবেন বলে কেন্দ্র জানিয়েছে। তাই তাঁদের আধার, ইউএএন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত লিঙ্ক করার কাজ শেষ হয়েছে কি না, তা নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মদাতা সংস্থাগুলিকে জানাতে হবে। ইপিএফও জানিয়েছে, ঘোষিত স্কিমের আওতায় সবরকমের আর্থিক সুবিধা দেওয়া হবে ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ বা ডিবিটি’র মাধ্যমে। তাই ইউএএন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে।



