


কানপুর: কানপুরের এক বেসরকারি হাসপাতালে শিশুদের ওয়ার্ডে আগুন লেগে মৃত্যু সদ্যোজাতর। এরপরই ওই নিকু ওয়ার্ড বন্ধ করে দেয় প্রশাসন। জানা গিয়েছে, অবৈধভাবে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই চলছিল ওয়ার্ডটি। সম্প্রতি ওই বেসরকারি হাসপাতালে নবজাতককে ওয়ার্মার মেশিনে রাখা হয়েছিল। আচমকা শর্ট সার্কিটের কারণে ওই মেশিনে আগুন ধরে যায়। ধোঁয়া দেখতে পেয়ে সকলে ছুটে আসেন। মেশিন থেকে বের করা হয় শিশুকে। তবে শেষরক্ষা হয়নি। ততক্ষণে মারাত্মকভাবে পুড়ে গিয়েছে শিশুটির শরীরের বিভিন্ন অংশ। পরে তাকে অন্য একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই সদ্যোজাতর পরিবার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তাঁদের দাবি, কর্তৃপক্ষের অবহেলার জন্যই এমন ঘটনা ঘটেছে। পাশাপাশি অনেক পরে ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে তাঁদের। হাসপাতালে ভাঙচুর চালান পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও স্বাস্থ্যদপ্তর। জানা যায়, লাইসেন্স ছাড়াই চালানো হচ্ছিল নিকু ওয়ার্ডটি। এরপরই ওই ওয়ার্ড সিল করে দেওয়া হয়েছে।