কৌশিক ঘোষ, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী ও আধিকারিকদের বদলি নিয়ে জটিলতা ও বিতর্ক মাঝে মাঝে হয়ে থাকে। বদলির জন্য তদ্বির-তদারকিও চলে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর যুগ্ম (জয়েন্ট) বিডিও দের জন্য একটি নির্দিষ্ট বদলি নীতি তৈরি করে বিজ্ঞপ্তি জারি করেছে। গ্রামীণ এলাকায় প্রশাসনিক কাজকর্মে জয়েন্ট বিডিও-দের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রশাসনিক রুটিন কাজকর্মের সঙ্গে জনস্বার্থে অনেক দায়িত্ব পালন করতে হয় তাঁদের। এই পদটি ডব্লুবিসিএস গ্রুপ সি ক্যাডারে অন্তর্ভুক্ত। প্রশাসনিক কাজে গতি ও স্বচ্ছতা আনতে বদলি নীতি খুবই কার্যকর হবে বলে আশা করছে প্রশাসনিক মহল।
জয়েন্ট বিডিও-দের রাজ্যের গ্রামীণ এলাকায় বিভিন্ন জেলাতে মূলত দায়িত্ব পালন করত হয়। নতুন বদলি নীতিতে অন্তত ৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আধিকারিকদের রাজ্য বা জেলার সদর দপ্তরে বা দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে বদলি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। চাকবি জীবনে অন্তত ২-৩ বছর তাঁরা এরকম জায়গায় কাজ করার সুযোগ পাবেন এমনটাই বলা হয়েছে নতুন বদলি নীতিতে। এই বদলি নীতি খুবই প্রশংসনীয় কাজ বলে মনে করেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী। সব শ্রেণির কর্মী ও আধিকারিকদের জন্য ক্যাডার ভিত্তিক বদলি নীতি সরকারের করা উচিত বলে তিনি জানিয়েছেন। বামফ্রন্ট সরকার এটা করেনি। বদলি নিয়ে নানারকম অনৈতিক কাজকর্ম নির্দিষ্ট নীতি করলে বন্ধ হবে।
জয়েন্ট বিডিও-রা সাধাণত ৩ বছর অন্ত বদলি হন। নতুন বদলি নীতিতে কলকাতা সহ রাজ্যের জেলাগুলিকে ৬ টি শ্রেণিতে (এ থেকে এফ) ভাগ করা হয়েছে। চারটি শ্রেণি দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে। প্রতি শ্রেণি বা জোনে কয়েকটি করে জেলাকে রাখা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে দুটি শ্রেণি করা হয়েছে। জয়েন্ট বিডিও-র বাড়ি (হোম টাউন) যে শ্রেণিতে পড়বে সেখানে অন্তত দুই দফায় কাজ করার সুযোগ পাবেন। জয়েন্ট .বিডিও যে জেলার বাসিন্দা (হোম ডিস্ট্রিক্ট) সেটি ছাড়া ওই জোনের অন্য কোনও জেলাতে বদলি হওয়ার সুযোগ পাবেন ৬ বছর কাজ করার পর। বদলি নীতিতে বলে দেওয়া হয়েছে জয়েন্ট বিডিও নিজের জেলাতে বদলির সুযোগ পাবেন একমাত্র রাজ্য পর্যায়ের বিশেষ কমিটির সুপারিশে। খুব বিশেষ পরিস্থিতি তৈরি হলে তবেই এই সুযোগ পাওয়া যাবে। তবে চাকরি জীবনে একবার বাড়ির কাছাকাছি কোনও জোনে কাজ করার সুযোগ মিলবে। একই জেলা বা জায়গায় পর পর দুবার বদলি করা হবে না। একই জোনের দুটি জেলাতেও পর পর বদলি হবে না সেটা এই নীতিতে জানিয়ে দেওয়া হয়েছে। অবসর নেওয়ার এক বছর আগে কোনও জয়েন্ট বিডিও-কে বদলি করা হবে না। জয়েন্ট বিডিও নিজের বা অন্য কোনও দপ্তরে ৩ বছরের জন্য ডেপুটেশনের যাওয়ার সুযোগ পাবেন। কি কি কারণে বিশেষ কমিটি বদলির ক্ষেত্রে ছাড় দেবে সেটাও বলা হয়েছে নীতিতে।