


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝেই একটি নতুন প্রযুক্তি চালু করল নির্বাচন কমিশন। তাদের দাবি, এই প্রযুক্তিতেই তালিকা থেকে নাম বাদ পড়া রোখা যাবে।
গত সেপ্টেম্বরে রাহুল গান্ধী অভিযোগ করেন, অনলাইন আবেদনের মাধ্যমে প্রায় ৬ হাজার ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই, আবেদন জমা দেওয়ার জন্য প্রকৃত ভোটারদের পরিচয়ের অপব্যবহার করা হচ্ছে। ফর্ম জমা দেওয়ার সময় ব্যবহৃত ফোন নম্বরগুলি অসলে সংশ্লিষ্ট ভোটারদের ছিলই না। এই অভিযোগের পর এবার ই-সাইন নামে একটি প্রযুক্তি চালু করেছে কমিশন। ইসিআইনে পোর্টাল এবং অ্যাপে চালু হবে এই ই-সাইন।
কীভাবে কাজ করবে এই নয়া প্রযুক্তি? এবার থেকে ভোটাররা রেজিস্ট্রেশন, ডিলিশন এবং সংশোধনের জন্য আবেদন করার সময় তাঁদের আধার-লিঙ্কযুক্ত ফোন নম্বর ব্যবহার করে পরিচয় যাচাই করতে হবে। এর আগে কোনও যাচাই পর্ব ছাড়াই ফর্ম জমা দেওয়া যেত। এখন থেকে কোনও ব্যক্তি যদি নাম তোলার জন্য ফর্ম ৬, কার্ড বাতিলের জন্য ফর্ম ৭ এবং নাম সংশোধনের জন্য ফর্ম ৮ পূরণ করতে চান তাহলে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে ই-সাইন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। ফর্ম পূরণ করার পর ওই ব্যক্তিকে ই-সাইন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। ই-সাইন প্রথমেই জানতে চাইবে ভোটার ও আধার কার্ডে ওই ব্যক্তির কি একই নাম রয়েছে? এরপরই আধারের সঙ্গে তাঁর মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কি না তা জানতে চাওয়া হবে। ওই অপশনে ক্লিক করলে ফর্ম পূরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আধারের সঙ্গে সংযুক্ত ফোন নম্বরে একটি ওটিপি যাবে। সেটি দিলেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে।
কমিশনের দাবি, এই পদ্ধতির মাধ্যমে যে কেউ চাইলেই ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া বা সংশোধনের কাজ করতে পারবেন না। সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নম্বর প্রয়োজন পড়বে। ফলে স্বচ্ছতা বজায় থাকবে।