Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি থেকে স্পেন, মা পেল হোমের দেড় বছরের শিশু

মা পেল হোমকন্যা। সেই মায়ের কোলে চেপে জলপাইগুড়ি থেকে সুদূর স্পেনের পথে রওনা দিল ১৫ মাসের বিন্নি (নাম পরিবর্তিত)।

জলপাইগুড়ি থেকে স্পেন, মা পেল হোমের দেড় বছরের শিশু
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মা পেল হোমকন্যা। সেই মায়ের কোলে চেপে জলপাইগুড়ি থেকে সুদূর স্পেনের পথে রওনা দিল ১৫ মাসের বিন্নি (নাম পরিবর্তিত)। সোমবার সেন্টিয়াগোর বাসিন্দা অর্থনীতির গবেষক সিঙ্গল মাদারের কোলে সরকারিভাবে ওই শিশুকে তুলে দিলেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন।

Advertisement

বিন্নিকে কোলে তুলে নিতেই আনন্দাশ্রু ঠেকিয়ে রাখতে পারলেন না ৪৩ বছরের ‘দত্তক’ মা ওলান্দা পেনা বোকেট। ভাষা বোঝার সমস্যাকে হেলায় উড়িয়ে ভাঙা ইংরেজিতে তাঁর একটাই প্রতিক্রিয়া, এই মুহূর্তটুকুর জন্যই বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলাম। এবার আমি সম্পূর্ণ হলাম। জলপাইগুড়ি আমার হৃদয়ে থাকবে সারাজীবন। এই শহর আমাকে মাতৃত্ব দিল।
সন্তানকে কোলে নিয়ে রওনা হওয়ার পথে স্পেনের ওই গবেষক হাসিমুখে জানালেন, খুব ইচ্ছে নিয়ে ফিরছি, বিন্নি বড় হলে ওকে নিয়ে জলপাইগুড়িতে একবারের জন্য হলেও আসব।
আবেগ চেপে রাখতে না পেরে জেলাশাসকও বললেন, প্রশাসনিক কাজের বাইরে এটা একটা অন্যরকম ভালো লাগার মুহূর্ত। হোমের একটি শিশু মা পাচ্ছে। অন্যদিকে, মাতৃত্বের স্বাদ পূরণ হচ্ছে একজন মহিলার। দেশ, জাতি, ভাষা কোনও কিছুই এর মাঝে যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা আবারও প্রমাণ হল এদিন। সুদূর স্পেন থেকে সন্তান দত্তক নেওয়ার জন্য একজন মহিলা ছুটে এসেছেন জলপাইগুড়িতে, এই অনুভূতি সত্যিই বলে বোঝানোর নয়।
বিন্নি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। তাঁর হার্টে সমস্যা রয়েছে। সাধারণভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ‘দত্তক’ নেওয়ার ক্ষেত্রে অনীহা থাকে। কিন্তু বিন্নি মায়ের কোল খুঁজে পাওয়ায় আর সবার মতো খুশি জলপাইগুড়ির সরকারি পরিচালিত স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সির আধিকারিক, কর্মীরা। তবে ওই একরত্তি তাঁদের ছেড়ে চলে যাচ্ছে, সেই কষ্টে চোখের জল ধরে রাখতে পারলেন না। কাঁদলেন হোমের আয়ারাও। চলে যাওয়ার সময় বিন্নিকে নানা উপহার দিলেন তাঁরা। আদর করলেন প্রাণভরে।
জলপাইগুড়ি কোরক হোমের অধীন অ্যাডপশন এজেন্সির সুপার গৌতম দাস বলেন, শিশুটি মা পেল। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে আমাদের কাছে। আমরা চাই, হোমের চার দেওয়ালের মধ্যে বড় হওয়া প্রতিটি শিশুই এভাবে মা-বাবা পাক।
ভাইকে সঙ্গে নিয়ে সন্তান দত্তক নিতে এদিন জলপাইগুড়িতে এসেছিলেন সেন্টিয়াগোর ওই মহিলা। বললেন, এখান থেকে দিল্লি পৌঁছে সেখানে কয়েকদিন থাকবেন। তারপর ২৮ তারিখ বিমানে উড়ে যাবেন স্পেনে। সরকারিভাবে আবেদনের পর অথরাইজড ফরেন অ্যাডপশন এজেন্সির মাধ্যমে এক বছর তিনমাসের মধ্যে বিন্নিকে পেলেন তিনি। 
গতমাসেই জলপাইগুড়ির স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সির হোম থেকে একটি শিশুকন্যা আমেরিকায় গিয়েছে। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এসে তাকে ‘দত্তক’ নিয়েছেন এক দম্পতি। আর এদিন স্পেনের পথে রওনা হল বিন্নি। তবে এই প্রথম কোনও সিঙ্গল মাদার জলপাইগুড়ির হোম থেকে সন্তান দত্তক নিলেন।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ