Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে ১০ তলার নয়া কোর্ট ভবন, কাওয়াখালিতে হবে অফিসপাড়া: গৌতম

শিলিগুড়ির পুরনো আদালত প্রাঙ্গণেই হতে চলেছে ১০ তলার কোর্ট বিল্ডিং। এ বিষয়ে রাজ্য সরকারের তরফে জটিলতা কাটানো সম্ভব হয়েছে

শিলিগুড়িতে ১০ তলার নয়া কোর্ট ভবন, কাওয়াখালিতে হবে অফিসপাড়া: গৌতম
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ির পুরনো আদালত প্রাঙ্গণেই হতে চলেছে ১০ তলার কোর্ট বিল্ডিং। এ বিষয়ে রাজ্য সরকারের তরফে জটিলতা কাটানো সম্ভব হয়েছে। হাইকোর্ট সবুজ সংকেত দিলেই সেই কাজ শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে এসে এ কথা জানান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন,  আদালত চত্বরেই আগে ছিল মহকুমা শাসকের অফিস। বর্তমানে সেই অফিস সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হিলকার্ট রোডের বিবেকানন্দ ভবনে। শিলিগুড়ির কাছে কাওয়াখালিতে করা হবে অফিসপাড়া। সেখানে এক ছাদের নীচে সরকারি বিভিন্ন দপ্তরকে নিয়ে যাওয়া হবে। এতে কাজের সুবিধা হবে অনেকটাই। 

Advertisement

এদিন মন্ত্রী বলেন, জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নয়া ভবন সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। দেশে এ ধরনের কোর্ট ভবন খুবই কম আছে। রাজ্য সরকার আইনজীবীদের জন্য ওয়েলফেয়ার ফান্ড করে দিয়েছে। নতুন আইনজীবীদের জন্য স্টাইপেন্ড করে দেওয়া হয়েছে। শিলিগুড়ি আদালত ভবন অনেক পুরনো। সেটি ভেঙে আইনজীবীদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত বহুতল নির্মাণ করা হবে। আইনজীবীদের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সাল থেকে একাধিক কাজ করছেন। তিনি আরও জানান, মাটিগাড়ার হিমুলের কাছে একটি নতুন কোর্ট বিল্ডিং করা হবে বলে স্থির করা হয়েছিল। তবে একাধিক কারণে সেখানে তা করা গেল না। শিলিগুড়ি পুরসভার মেয়রের চেষ্টায় অবশেষে মহকুমা আদালতের পুরনো জায়গাতেই নতুন ১০ তলা বিল্ডিং করা হবে। কোর্ট মোড়ের বাসস্ট্যান্ড সরিয়ে সেখানে আইনজীবীদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।  
অন্যদিকে, মেয়র বলেন, কাওয়াখালিতে অফিসপাড়া করার পরিকল্পনা করা হয়েছে। আলিপুরদুয়ারে প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা’ করা হয়েছে। সেই ভাবনাকে কাজে লাগিয়েই শিলিগুড়িতেও হবে অফিসপাড়া। সেখানে এসডিও অফিস স্থানান্তরিত করার ইচ্ছে রয়েছে। মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী শিলিগুড়ি নিয়ে যথেষ্ট চিন্তা করেন। আইনজীবীরা সংকীর্ণ কক্ষে কষ্ট করে প্র্যাক্টিস করেন। তাঁদের জন্যই বহুতল নির্মাণের পরিকল্পনা রাজ্যের। এটা হলে শিলিগুড়ি শহরের চেহারা অনেকটাই পাল্টে যাবে। বাগরাকোর্টের বাসস্ট্যান্ডকে তিনবাত্তি মোড়ে সরিয়ে নেওয়া হবে। এতে কোর্ট মোড়ের চাপ অনেকটাই কমবে। গৌতমবাবু বলেন, কাওয়াখালিতে জায়গা রয়েছে। সেখানে এক ছাতার তলায় রাজ্য সরকারের সব অফিস নিয়ে গেলে বিভিন্ন কাজে যাওয়া লোকজনেরও সুবিধা হবে। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ