কাঠমাণ্ডু: টানা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের পরিস্থিতি। দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও ধসে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১৪ জন। এই আবহে একটি ভিডিয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে কয়েক সেকেন্ডের মধ্যেই একটি পাহাড়ের বড়ো অংশ নদীতে তলিয়ে যেতে দেখা গিয়েছে। সেই সময় আতঙ্কে চিৎকার করে ওঠেন স্থানীয়রা।
রবিবার মুস্তাং জেলার লেতে এলাকায় এই ঘটনা ঘটে। টানা বৃষ্টি ও ধসের পর কালীগণ্ডকী নদী উপত্যকায় পাহাড়ের একটি অংশ আচমকা ভেঙে পড়ে। চারধাম যাত্রীদের তোলা ভিডিয়োয় দেখা যায়, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিপুল পরিমাণ মাটি ও পাথর নদীর দিকে নেমে আসছে। ধসের জেরে কিছুক্ষণের জন্য নদীর জলপ্রবাহও আটকে যায় বলে খবর।
গত তিনদিন ধরে প্রবল বৃষ্টির জেরে গণ্ডকী প্রদেশে কালীগণ্ডকী নদীর জলস্তর দ্রুত বাড়তে থাকে। শনিবার থেকে নদীর জল বাড়তে শুরু করে ও রবিবার তা ভয়াবহ আকার নেয়। মুস্তাং, মিয়াগদি ও স্যাংজার বিস্তীর্ণ এলাকায় নদীর জল ও ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক জায়গায় ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। এর মধ্যেই মানাং জেলার হিমলুং হিমাল পর্বতে তুষারধসে নিখোঁজ ১২ জনকে উদ্ধার করতে অভিযান শুরু হয়েছে। ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার এই পর্বতের নার ফু এলাকায় রবিবার তুষারধস নামে। বেস ক্যাম্পে একটি তাঁবুর মধ্যে ন’জন পর্বতারোহী ও ১৩ জন কর্মী আশ্রয় নিয়েছিলেন। তুষারধসে তাঁবুটি চাপা পড়ে যায়। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে ও ১২ জন নিখোঁজ।