নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলস্তরে সেমেস্টার পদ্ধতি, চার বছরের ডিগ্রি কোর্স, কুয়েট এবং নিটের মতো সর্বভারতীয় প্রবেশিকা, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মতো জাতীয় শিক্ষানীতির (এনইপি ২০২০) মূলগত দিক। এবার সেগুলিকে নস্যাৎ করে জনগণের খসড়া শিক্ষানীতি প্রকাশ করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। কলকাতা সহ মোট ১৬টি শহরে একই সঙ্গে ৪৫ পাতার এই বিকল্প শিক্ষানীতি প্রকাশ করেছে তারা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তরুণকান্তি নস্কর, প্রাক্তন সাংসদ ও আমলা জহর সরকার এবং অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ। আলোচনায় হিন্দি আগ্রাসন, শিক্ষার বেসরকারিকরণ এবং বাণিজ্যিকীকরণ সংক্রান্ত দিকগুলি উঠে আসে। বক্তারা দাবি করেন, সংবিধান সংশোধন করে শিক্ষাকে রাজ্যের তালিকাভুক্ত করতে হবে। এছাড়া, কেন্দ্রীয় বাজেটের ১০ শতাংশ এবং রাজ্য বাজেটের ২০-২৫ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করতে হবে। এই সংগঠন এমফিল, পুরনো পদ্ধতির স্কুলশিক্ষা কাঠামো ফিরিয়ে আনার সুপারিশও করেছে। তাদের বক্তব্য, কোভিড কালে স্রেফ মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর ভিত্তি করে জাতীয় শিক্ষানীতি ২০২০ রাজ্যগুলির উপর চাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী বছর বেঙ্গালুরুতে জনগণের সংসদে (পিপলস পার্লামেন্ট) এই রিপোর্ট পেশ করা হবে।



