Bartaman Logo
৪ জুলাই, ২০২৬

এনডিএ বিধায়কদের দিল্লিতে ডাক, নতুন সরকার গঠন ঘিরে জল্পনা

আচমকাই সমন। তড়িঘড়ি দিল্লিতে পৌঁছলেন মণিপুরের এনডিএ বিধায়করা। সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য বিজেপি শীর্ষ নেতৃত্ব তাঁদের ডেকে পাঠায়। বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে বিশেষ কিছু জানা যায়নি।

এনডিএ বিধায়কদের দিল্লিতে ডাক, নতুন সরকার গঠন ঘিরে জল্পনা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আচমকাই সমন। তড়িঘড়ি দিল্লিতে পৌঁছলেন মণিপুরের এনডিএ বিধায়করা। সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য বিজেপি শীর্ষ নেতৃত্ব তাঁদের ডেকে পাঠায়। বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। তবে বিজেপি নেতৃত্বের তৎপরতা জাতি হিংসা কবলিত রাজ্যে সরকার গঠনের জল্পনা উসকে দিয়েছে। কারণ, আগামী সপ্তাহে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে।

Advertisement

কুকি-মেইতেইদের বিবাদ ঘিরে ২০২৩ সালের মে মাস থেকে উত্তপ্ত মণিপুর। গোষ্ঠী সংঘর্ষে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬০ জনেরও বেশি। ঘরছাড়া ৬০ হাজারেরও বেশি। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বিরুদ্ধে। ঘরে-বাইরে চাপের মুখে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। এর পর গত বছরের ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। পরে আরও ছ’মাস রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি সেই মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর, হিংসা পরিস্থিতি থিতিয়ে আসায় রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আর নাও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে মণিপুরে নতুন সরকার গঠন করতে হবে। দিল্লিতে এনডিএ বিধায়কদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে জট ছাড়ানোর প্রস্তুতি সেরে রাখতে চাইছে বিজেপি নেতৃত্ব।  দিল্লি পৌঁছনোর আগে ইম্ফল বিমানবন্দরে বীরেন সিং বলেন, ‘এনডিএ-র সমস্ত বিধায়ককে ডাকা হয়েছে। রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হতে চলেছে। আশা করি, নতুন সরকার গঠনের জন্য সদর্থক পদক্ষেপ নেওয়া হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ