নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৭ বছরের কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তাকে তালতলা মহিলা থানার পুলিস গ্রেপ্তার করেছে। শনিবার আদালতে তোলা হয়েছিল যুবকটিকে। তাকে পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সরকারি কৌঁসুলি জানান, নির্যাতিতার গোপন জবানবন্দি ও মেডিকো লিগ্যাল পরীক্ষার আর্জি মঞ্জুর হয়েছে। আগামী সপ্তাহে ব্যাঙ্কশাল কোর্টে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি পেশ করার কথা। আদালত সূত্রে জানা গিয়েছে, তালতলা থানা এলাকার বাসিন্দা ওই কিশোরীর প্রতিবেশী যুবকটি। দু’জনের পরিচয়ও ছিল। অভিযোগ, ঘুরতে যাওয়ার নাম করে কিশোরীকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে মাদক মেশানো খাবার খাইয়ে বেহুঁস করে যুবকটি। তারপর যৌন নির্যাতন চালায়। ঘটনার কথা জানার পর নির্যাতিতার পরিবার পুলিসে অভিযোগ জানায়। তদন্তের পর পুলিস তাকে গ্রেপ্তার করে। পকসো আইনে মামলা দায়ের করা হয়।



