নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগ তুলে এক প্রৌঢ় মুদি দোকানিকে বেদম পেটালেন স্থানীয় মহিলারা। মঙ্গলবার দুপুরে ব্যান্ডেলের কৈলাশনগরে ওই ঘটনা ঘটেছে। পরে পুলিস এসে প্রৌঢ়কে উদ্ধার করে ব্যান্ডেল ফাঁড়িতে নিয়ে যায়। রাত পর্যন্ত এনিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিস দাবি করেছে। তবে ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, গত রবিবার স্থানীয় এক নাবালিকা ওই দোকানে ডিম কিনতে এসেছিল। অভিযোগ, সেই সময় প্রৌঢ় দোকানদার তাকে যৌন হেনস্তা করে। বিষয়টি জানাজানি হতেই নাবালিকার পরিবার পুলিসের দারস্থ হয়। পুলিস ওই দোকানদারকে আটক করে নিয়ে গিয়েছিল। পরে দোকানদারের পরিবারের অনুরোধে নাবালিকার পরিবার লিখিত অভিযোগ করেনি। তাতেই দোকানদার মুক্তি পায়। কিন্তু অভিযোগ, গত কয়েকদিন ধরে ওই দোকানদার স্থানীয়দের কাছে নাবালিকা ও তার পরিবারের নামে কুৎসা করছিল। এতেই ক্ষিপ্ত স্থানীয় মহিলারা এদিন কৈলাশনগরের ওই দোকান ঘেরাও করেন। পরে প্রৌঢ় দোকানিকে তাঁরা গণপিটুনি দেন। চুঁচুড়া থানার পুলিস জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগ পেলেই আইনগত পদক্ষেপ করা হবে।



