নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চসায়র থানা এলাকার এক বেআইনি কল সেন্টারে হানা দিয়ে ১০ জনকে গ্রেপ্তার করলেন কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে লালবাজারের গোয়েন্দারা পঞ্চসায়র থানার ১২০৫ নম্বর নয়াবাদে এক বহুতলের তিনতলায় হানা দিয়ে এই কল সেন্টারের হদিশ পান। প্রাথমিক তদন্তে লালবাজার জানতে পেরেছে, ধৃতরা কানাডার এক নামী সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে সেখানকার নাগরিকদের ফাঁদে ফেলে ডলার আদায় করছিল। গোয়েন্দারা একাধিক মোবাইল, ল্যাপটপ, রাউটার বাজেয়াপ্ত করেছেন। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।



