সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: ‘বেন্ড ইট লাইক লিস্টন!’ লিস্টন কোলাসোর মাস্টারক্লাসেই বৃহস্পতিবার যুবভারতীতে ফিনিশ মহমেডান স্পোর্টিং। প্রথমার্ধে দুরন্ত বাঁক খাওয়ানো ফ্রি-কিকে লক্ষ্যভেদ, দ্বিতীয়ার্ধে সুহেল ভাটকে গোলের বল সাজিয়ে দেওয়ার পর পেনাল্টি থেকে জাল কাঁপানো। তাতেই বাজিমাত দশ জনের মোহন বাগানের। প্রথমার্ধে আপুইয়া লাল কার্ড দেখলেও জিততে অসুবিধা হয়নি কিয়ানদের। মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংকে ৩-১ ব্যবধানে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড। টানা দু’টি ম্যাচ হেরে গ্রুপ পর্বে থেকেই বিদায় মহমেডান স্পোর্টিংয়ের। ঘরোয়া লিগ ও ডুরান্ড কাপ মিলিয়ে টানা ৬ ম্যাচে হার রেড রোডের পাশের ক্লাবের।
মহমেডান কর্তাদের সৌজন্যে মিনি ডার্বি এখন জৌলুসহীন। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনও কার্যত ফাঁকা। আর্থিক সমস্যায় জেরবার মহমেডান। দলে অভিজ্ঞতার অভাব স্পষ্ট। যাই হোক, এদিন মোহন বাগানের নায়ক অবশ্যই লিস্টন কোলাসো। ক্যাপ্টেন হিসেবে বিশাল কাইথের প্রথম ম্যাচ রীতিমতো স্মরণীয় করে রাখলেন তিনি। অভিষেক ম্যাচে নজর কাড়লেন অভিষেক সিংও। তবে আপুইয়ার কাছে জবাবদিহি চাওয়া উচিত ম্যানেজমেন্টের। দায়িত্ব নিয়ে এদিন দলকে বিপদে ফেলেছিলেন। শেষ পর্যন্ত লিস্টন ত্রাতা হয়ে না উঠলে মুখ পুড়ত মোহন বাগানের।
যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। তাই বৃহস্পতিবার সিনিয়র ফুটবলারদের রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন কোচ বাস্তব রায়। আপফ্রন্টে সুহেল ভাটের সঙ্গে লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরি। প্রথম ১৫ মিনিট প্রতিপক্ষকে মেপে নিয়ে আক্রমণে ধার বাড়ায় সবুজ-মেরুন ব্রিগেড। ২৩ মিনিটেই আসে কাঙ্ক্ষিত লিড। প্রায় ২০ গজ দূর থেকে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান লিস্টন (১-০)। এই পর্বে কিয়ানের শটও বারে লাগে। লিস্টনের সাজিয়ে দেওয়া বলে অনিরুদ্ধ থাপাও সহজ সুযোগ নষ্ট করেন। তবে মোহন বাগানের মাঝমাঠের নিউক্লিয়াস ছিলেন এই অনিরুদ্ধই। কিন্তু প্রথমার্ধের শেষলগ্নে মোহন বাগানকে বড় ধাক্কা দিলেন গত মরশুমের সেরা ফুটবলার আপুইয়া। ৪২ মিনিটে অযথা মাথা গরম করে প্রতিপক্ষের থাংভা রাগুইকে মাথা দিয়ে হেড বাট করে সরাসরি লাল কার্ড দেখেন মিজো মিডিও। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় মহমেডান। ৫০ মিনিটে ডানদিক থেকে লালথানকিমার দূরপাল্লার শট বিশাল পুরোপুরি বিপন্মুক্ত করতে ব্যর্থ। ফিরতি বল জালে জড়াতে ভুল হয়নি অ্যাশলি কোলির (১-১)। ৬৩ মিনিটে মেহরাজেরই প্রাক্তন শিষ্য সুহেল ভাট মোহন বাগানকে ফের এগিয়ে দিলেন। মাঝমাঠে অনিরুদ্ধের থেকে বল পেয়ে আক্রমণে উঠে বক্সের সামনে কাট করে ঢুকে ব্যাকহিলে তা সুহেলকে সাজিয়ে দেন লিস্টন। তাঁর শট মহমেডান গোলরক্ষক প্রাথমিকভাবে ঠেকালেও ফিরতি বলে জাল কাঁপান সুহেল (২-১)। সংযোজিত সময়ে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন লিস্টন (৩-১)।
মোহন বাগান: কাইথ, আশিস, দীপ্যেন্দু, টাংরি, অভিষেক, আপুইয়া, সূর্যবংশী, অনিরুদ্ধ, লিস্টন, কিয়ান, সুহেল (লেওয়ান)।



