Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ, গ্রেপ্তার নৌসেনার ক্লার্ক

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি।

পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ, গ্রেপ্তার নৌসেনার ক্লার্ক
  • ২৬ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

জয়পুর, ২৬ জুন: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। তার নাম বিশাল যাদব। গতকাল, বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে রাজস্থান পুলিসের গোয়েন্দা বিভাগ। সে হরিয়ানার বাসিন্দা, ডিরেক্টরেট অফ ডকইয়ার্ডে আপার ডিভিশন ক্লার্কের পদে কর্মরত ছিল। দিল্লিতে ভারতীয় নৌসেনা সদর দপ্তরে ছিল তার পোস্টিং। আর সেই তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লির নৌসেনার দপ্তর থেকে কী গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করেছে ধৃত বিশাল? সেই বিষয়ে খতিয়ে দেখতে গিয়েই চক্ষুচড়ক গাছ তদন্তকারীদের। সূত্রের খবর, বিশাল ভারতীয় নৌসেনা ও প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছে এক মহিলাকে।

Advertisement

ধৃত বিশালের ফোন থেকেই তেমন তথ্য পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জেনেছেন, ওই মহিলা পাকিস্তানি ও বিশাল তাকে সমস্ত তথ্য তুলে দিত টাকার বিনিময়ে। এমনকী অপারেশন সিন্দুরের সময়েও ভারতীয় সেনার সংক্রান্ত বেশ কিছু তথ্য পাকিস্তানে পাচার করেছে বিশাল। এক শীর্ষ পুলিস কর্তা জানিয়েছেন, ভ্লগার জ্যোতি মালহোত্রা কাণ্ডের পর রাজস্থানের সিআইডি বিভাগের গোয়েন্দারা সর্বত্র নজরদারি বাড়িয়েছেন। তখনই বিশাল যাদব নামের ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়। যে কিনা পাকিস্তানে থাকা এক মহিলার সঙ্গে লাগাতার যোগাযোগ করছিলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। ওই মহিলার নাম প্রিয়া শর্মা, তিনি বিশালের থেকে অর্থের বিনিময়ে ভারতীয় সেনা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের কাজ করতেন। তদন্তে জানা গিয়েছে, বিশালের অনলাইনে গেম খেলার নেশা রয়েছে।

সেই নেশার কারণেই প্রচুর টাকার আর্থিক ক্ষতি হয় তার। দেনার মুখে পড়ে সে। তখনই ওই প্রিয়া শর্মা নামের পাকিস্তানি মহিলার সঙ্গে অনলাইনে পরিচয় হয় বিশালের। টাকার বিনিময়ে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচারের প্রস্তাবে রাজি হয় বিশাল। তারপর থেকেই এই কাজ করছে সে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই রকম ভাবেই তার কাছে টাকা আসত বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। বিশালের ফোন ফরেন্সিকে পাঠানো হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ