নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে সভাপতি পেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে দুটি পর্ষদের অ্যাড হক কমিটি গঠনের কথা জানিয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন তথা বিজেপির শিক্ষক সেলের আহ্বায়ক অধ্যাপক অসিতকুমার মণ্ডল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন তথা অধ্যাপক লালু দাস। সচিব হয়েছেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক নীলাদ্রিশেখর সিংহ। সদস্য পদে রয়েছেন আরএসএসের শিক্ষক সংগঠন এবিআরএসএমের রাজ্য সাধারণ সম্পাদক তথা উত্তর দিনাজপুরের দেবীনগর কেসিআর বিদ্যাপীঠের সহকারী শিক্ষক বাপি প্রামাণিক প্রমুখ।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কাটোয়া কলেজের অ্যাসোশিয়েট প্রফেসর রবিরঞ্জন সেনকে। সদস্য হিসাবে রয়েছেন, দক্ষিণ দিনাজপুরের তপনের বিজেপি এমএলএ বুধরাই টুডু, বিজেপির শিক্ষক সেলের সহ-আহ্বায়ক তথা হাওড়ার আমতার উদং হাই অ্যাটাচড প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পিন্টু পাড়ুই প্রমুখ। মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্যান্য সদস্যরাও বিজেপি এবং আরএসএসের শিক্ষক বা সহযোগী সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বলেই সূত্রের খবর। অর্থাৎ, বিজেপি সরকারের শিক্ষাক্ষেত্রকে রাজনীতিমুক্তকরণের আশ্বাস কার্যক্ষেত্রে বাস্তবায়িত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে, ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসা শিক্ষা কমিশনকে স্কুলশিক্ষা কমিশনের সঙ্গে যুক্ত করে দেওয়ার বিষয়টি এদিনই বিজ্ঞপ্তি আকারে জানিয়েছে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর।



