Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নলহাটিতে মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী ছাত্রী

সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকত নবম শ্রেণির ছাত্রী।

নলহাটিতে মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী ছাত্রী
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, রামপুরহাট: সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকত নবম শ্রেণির ছাত্রী। এনিয়ে মা বকাবকি করায় সে অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল। মৃতার নাম অপর্ণা লেট ওরফে প্রিয়াঙ্কা। বাড়ি নলহাটি থানার ভোমরা গ্রামে। বৃহস্পতিবার রাতে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, গত ২৮ মার্চ ওই ছাত্রীকে কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়। সাতদিন লড়াই শেষে বৃহস্পতিবার রাতে সেখানেই  তার মৃত্যু হয়। মৃতার জেঠু লাল্টু লেট বলেন, ভাইঝি পড়াশোনা বাদ দিয়ে দিনের বেশিরভাগ সময় মোবাইলে বুঁদ হয়ে থাকত। বারণ করলেও শুনত না। ওইদিন ওর মা  মোবাইল কেড়ে নিয়ে তাকে বকাবকি করে। সেই অভিমানে সবার অলক্ষ্যে সে কীটনাশক খেয়ে ফেলে।

Advertisement

পাইকরে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার: বৃহস্পতিবার গভীর রাতে পাইকর থানার আন্দিপুর গ্রামে বাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, মৃতার নাম সুলেখা খাতুন(২৩)। বৃহস্পতিবার রাত ১টা নাগাদ পরিবারের লোকজন বাড়ির উঠানে আমগাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি রামপুরহাট মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিসের অনুমান, ওই বধূ আত্মঘাতী হয়েছেন। কোনও অভিযোগ দায়ের না হওয়ায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে।

সম্পর্কিত সংবাদ