নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের ইনিউমারেশন ফর্ম বিলির কাজ চলছে রাজ্যজুড়ে। এই কাজের জন্য রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ যাতে থমকে না যায়, সে বিষয়ে জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন। এদিন ‘পথশ্রী’ প্রকল্প সহ একাধিক ইস্যু নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই রাজ্যের তরফে এই বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ডিসেম্বরের মধ্যে গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য বরাদ্দ ৬,৯৮৮ কোটি টাকা খরচের সময়সীমা বেঁধে দিল নবান্ন। ওয়ার্ক অর্ডারের তিন দিনের মধ্যে শুরু করতে হবে রাস্তা তৈরির কাজ। এই মর্মে শুক্রবার প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, জেলায় গিয়ে ‘পথশ্রী’ প্রকল্পে রাস্তা তৈরির কাজ খতিয়ে দেখতে রাজ্যস্তর থেকে আধিকারিকদের বিশেষ দল পাঠানো হবে। প্রকল্পের কাজ দ্রুত শুরু করারও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এই প্রকল্পে প্রায় ৯ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের ১৫ হাজার রাস্তা তৈরি হবে সম্পূর্ণ রাজ্যের খরচে। রাস্তার গুণমানের দিকেও কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যার জন্য গাইডলাইন বেঁধে দিয়েছে রাজ্য।