নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার একযোগে ১৪ জন জেলাশাসক বা ডিএম-সহ মোট ৬৭ জন আইএএস অফিসার ও ৪৬০ জন ডব্লুবিসিএস অফিসারকে বদলি করল নবান্ন। এদিনের এই বড়োসড়ো রদবদলের তালিকায় একদিকে রয়েছে কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, কোচবিহার, ঝাড়গ্রাম, দার্জিলিং, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা। ওইসঙ্গে বদল করা হল কলকাতা পুরসভার কমিশনারও। এই পদে আনা হল এতদিন দক্ষিণ ২৪ পরগনার জেলার জেলাশাসক পদে কর্মরত সুমিত গুপ্তকে। আর দক্ষিণ ২৪ পরগনা জেলার নতুন জেলাশাসক হলেন অরবিন্দকুমার মিনা। উত্তর ২৪ পরগনার জেলাশাসক করে পাঠানো হল হিডকোর এমডি শশাঙ্ক শেঠিকে। হিডকোর নতুন এমডি হলেন রাজশ্রী মিত্র। তিনি মুর্শিদাবাদের জেলাশাসক ছিলেন। তাঁর জায়গায় মুর্শিদাবাদের জেলাশাসক করে পাঠানো হল মালদহের জেলাশাসক নীতিন সিংঘানিয়াকে। মালদহের নতুন জেলাশাসক হলেন প্রীতি গোয়েল। কোনথাম সুধীর হলেন পুরুলিয়ার জেলার জেলাশাসক। কলকাতার পুর কমিশনার ধবল জৈন হলেন বীরভূম জেলার নতুন ডিএম। ইউনিস রিশিন ইসমাইল হলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। রাজু মিশ্র হলেন কোচবিহার জেলার ডিএম। আকাঙ্ক্ষা ভাস্কর হলেন ঝাড়গ্রামের জেলাশাসক এবং মণীশ মিশ্রকে করা হল দার্জিলিংয়ের ডিএম। রাজু মিশ্র, আকাঙ্ক্ষা ভাস্কর এবং মণীশ মিশ্র তিনজনই ২০১৫-র ব্যাচের আইএএস অফিসার। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক করা হল বিজিন কৃষ্ণকে। এছাড়া খুরশিদ আলি কাদরি, বালাসুব্রামানিয়ান টি এবং কুহুক ভূষণ হলেন যথাক্রমে হুগলি, দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়ের জেলাশাসক। এছাড়া বদলি করা হয়েছে একাধিক অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিওকে।



