নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে কাজে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। সোমবার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার কোদালিয়া শখের বাজারে। মৃতার নাম পিয়ালি গায়েন (৩১)। তিনি সুভাষগ্রামের নাথপাড়ার বাসিন্দা।
Advertisement
জানা গিয়েছে, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে জামাইবাবুর সাইকেলে চেপে কাজে যাচ্ছিলেন পিয়ালিদেবী। শখের বাজারের কাছে মূল রাস্তায় ওঠার সময় হঠাৎ সাইকেলের সামনে একটি বাইক চলে আসে। তখন টাল সামলাতে না পারায় সাইকেলটি একদিকে হেলে যায়। রাস্তাতেই পড়ে যান পিয়ালিদেবী। সেই সময় খাদ্যসামগ্রী বোঝাই একটি মিনি ট্রাক দ্রুতগতিতে ছুটে আসছিল। গলির মুখে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে বসানো হয়েছে আলোর গেট। যা রাস্তার একাংশ দখল করে রেখেছে। সেই গেট কাটিয়ে যেতে গেলে মিনি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে পিষে দেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর গাড়ি ফেলে পালিয়ে যান চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিস। তাঁরা দেহটি উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তার একাংশ দখল করে গেট বসানোর জন্যই সাইকেল, রিকশ’র যাতায়াত করতে কিছুটা অসুবিধা হচ্ছে। তাই উল্টোদিক থেকে বড় গাড়ি এলে সাইকেল ভ্যানের চালকদের একপাশে দাঁড়িয়ে যেতে হচ্ছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিন ওই গেটের জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন এলাকাবাসী। এরপরই পুলিস অতি তৎপরতার সঙ্গে রাস্তার ধারে থাকা আলোর গেটগুলি খুলে ফেলে।



