ফরিদাবাদ: প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক মজুতে অভিযুক্ত চিকিত্সক মুজাম্মিল শাকিলকে নিয়ে বেশ কিছু তথ্য হাতে পেল পুলিশ। ফরিদাবাদে দুটি বাড়িতে ঘর ভাড়া নিয়েছিল সে। তার মধ্যে ধোজ এলাকার একটি বাড়িতে প্রায় ৩৬০ কেজি বিস্ফোরক রেখেছিল সে। ওই বাড়ির মালিককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। জেরায় তিনি জানিয়েছেন, মুজাম্মিল ১৩ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দু’মাসের জন্য একটি ঘর ভাড়া দিয়েছিলেন। প্রতি মাসে ১ হাজার ২০০ টাকা হিসেবে ২ হাজার ৪০০ টাকা মিটিয়ে দেয় অভিযুক্ত ডাক্তার। কিন্তু নিজের জিনিসপত্র রেখে যাওয়ার পর আর একদিনের জন্যও মুজাম্মিল ওই ঘরে আসেনি। ভাড়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার দিন দুয়েক আগেই সেখানে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় ওই বিস্ফোরক। ১১ নভেম্বরের ঘর ভাড়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ওই বিস্ফোরক মুজাম্মিল অন্য কোথাও সরানোর পরিকল্পনা করেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



