নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএর ভূমিকার সমালোচনা করল হাইকোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চের মন্তব্য, রাজ্যের তদন্তে অনেক ত্রুটি আছে বলে অভিযোগ করা হচ্ছে। এক্ষেত্রে এনআইএর সাহায্য নেওয়া যেমন হয়নি, তেমন তারাও এগিয়ে আসেনি। পাশাপাশি আদালত জানায়, এনআইএ মনে করলে তদন্তভার নিতে পারে। এমন নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। তারপরও সেটা কার্যকর করা হয়নি।
এছাড়া এদিন ওই হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে রাজ্যের ভূমিকারও সমালোচনা করেছে বেঞ্চ। আদালতের প্রশ্ন, দুই গোষ্ঠীর কোন্দলে যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের ক্ষতিপূরণের বিষয়ে কেন অনীহা প্রকাশ করা হচ্ছে? দুর্গাপুজোয় সাহায্য করতে সমস্যা নেই আর এমন ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষতিপূরণ দিতে সমস্যা! এই মামলায় আপাতত অন্তর্বর্তী নির্দেশ বহাল রেখেছে আদালত। ক্ষতিপূরণের বিষয় ও তদন্তের অগ্রগতির রিপোর্ট আগামী ২০ নভেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে রাজ্যকে। ওইদিন পরবর্তী শুনানি।