নিউ ইয়র্ক: আমেরিকার বিমানবন্দরে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের প্রাক্তন মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস। সোমবার দোহা থেকে বিমানে তিনি এসে পৌঁছান নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে। হুইল চেয়ারে বসে সঙ্গী লামিয়া মোরশেদের সঙ্গে বিমানবন্দরের টার্মিনাল ৮ দিয়ে বেরচ্ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সেই সময় কয়েকজন তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ইউনুসের উদ্দেশে বলছেন, ‘আপনি একজন জঙ্গি। আপনি বাংলাদেশের মানুষদের খুন করেছেন। আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। কেন এখানে এসেছেন? বলুন কেন এসেছেন?’ এরপর ইউনুসকে ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। কিছুক্ষণ পর ইউনুস ও তাঁর সঙ্গীকে সরিয়ে নিয়ে যান বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।
পূর্বতন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, ইউনুসের ভিভিআইপি নিরাপত্তা পাওয়ার কথা। আমেরিকায় তাঁর নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। এই ঘটনার পিছনে বিদেশে বসবাসকারী আওয়ামি লিগের নেতা-কর্মীরা জড়িত বলেও ইঙ্গিত জাহেদের।



