সংবাদদাতা, জঙ্গিপুর: চলাচলের রাস্তা না ছেড়ে পাঁচিল দেওয়ার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁরই খুড়তুতো ভাইদের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সূতি থানার ছোট কাঁকড়ামারি গ্রামে। এই নৃশংস খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সানাউল শেখ(৫০)। তাঁর বাড়ি সূতি থানার ছোট কাঁকড়ামারি গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুরে মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আসমানি বিবি, নাজিরা বিবি ও খুশি খাতুন। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সূতি থানার পুলিশ জানিয়েছে, পাঁচিল দেওয়া নিয়ে আত্মীয়দের মধ্যে ঝামেলায় একজনের মৃত্যু হয়েছে। অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সানাউল শেখের সঙ্গে তাঁর খুড়তুতো ভাইদের জমি ও রাস্তা নিয়ে বিবাদ চলছিল। শুক্রবার সন্ধ্যায় মুরফুল শেখ, মজিবুর শেখ, ইসমাইল শেখ সহ পরিবারের কয়েকজন সদস্য নিজেদের জমি দাবি করে তাতে পাঁচিল দিতে শুরু করে। অভিযোগ, যাতায়াতের জন্য কোনো জায়গা না ছেড়ে পাঁচিল তোলা হচ্ছিল। সেজন্য বাধা দেন সানাউল সাহেব সহ তাঁর পরিবারের সদস্যরা। এনিয়ে দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। শুরু হয় ইটবৃষ্টি। ইটের আঘাতে দু’পক্ষেরই কয়েকজন জখম হন। অভিযোগ, এই গোলমালের মাঝেই অভিযুক্তরা সানাউল শেখের ঘরে চড়াও হয়। তাঁকে একা পেয়ে বেধড়ক মারধর করে ও বিছানায় ফেলে মুখের ওপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে।
গণ্ডগোলের খবর পেয়ে প্রতিবেশীরা চলে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘরের ভিতর থেকে অচৈতন্য অবস্থায় সানাউল সাহেবকে উদ্ধার করে দ্রুত সূতির মহেশাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে সানাউল সাহেবকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের স্ত্রী রুমেলা বিবি বলেন, বাইরে যখন ঝামেলা চলছিল, তখন আমার স্বামী ঘরে একা ছিল। ওরা সুযোগ বুজে দল বেঁধে ঘরে ঢুকে আমার স্বামীকে খুন করেছে। আমি এসে দেখি, আমার স্বামী গোঙাচ্ছে নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। আমি আসতেই ওরা পালিয়ে যায়। ওদের কঠিন শাস্তি দিক পুলিশ।
লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুর ইমাম বলেন, আমি চিকিৎসার কারণে বর্তমানে এলাকার বাইরে রয়েছি। তবে শুনেছি, জমি সংক্রান্ত ঝামেলায় নিজেদের মধ্যে ঝামেলায় একজনের মৃত্যু হয়েছে।