Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান: দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব শিশুস্বাস্থ্য রক্ষায় পুরসভা-ইউনিসেফের উদ্যোগ

জলবায়ু এবং পরিবেশ পরিবর্তনে বিপন্ন হচ্ছে কলকাতার শিশুরা। দূষণ এতটাই বাড়ছে যে, প্রতি দুই শিশুর মধ্যে একজনকে শ্বাসকষ্টের রোগে ভুগতে হচ্ছে।

কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান: দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব শিশুস্বাস্থ্য রক্ষায় পুরসভা-ইউনিসেফের উদ্যোগ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলবায়ু এবং পরিবেশ পরিবর্তনে বিপন্ন হচ্ছে কলকাতার শিশুরা। দূষণ এতটাই বাড়ছে যে, প্রতি দুই শিশুর মধ্যে একজনকে শ্বাসকষ্টের রোগে ভুগতে হচ্ছে। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। গত কয়েক দশকে ধীরে ধীরে গড় তাপমাত্রা বেড়েছে শহরের। তাতে চরিত্র বদলাচ্ছে মশাবাহিত রোগের। দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রতিকূল পরিস্থিতি সামলাতে এবার কলকাতা পুরসভার সঙ্গে হাত মিলিয়েছে ইউনিসেফ। 

Advertisement

কলকাতা পুরসভা এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে আগামী দিনে শহরের পরিবেশকে উন্নত করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। তৈরি হচ্ছে কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। মূলত শহরের জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের উপর তার প্রভাব পড়ছে। তা নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ। সেক্ষেত্রে শিশুদের স্বাস্থ্যের কথা বিশেষভাবে মাথায় রেখেই এই পরিকল্পনা বলে জানালেন কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রনিতা সেনগুপ্ত। বৃহস্পতিবার ধর্মতলার একটি বেসরকারি হোটেলে কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের প্রথম বৈঠকে রনিতা সেনগুপ্ত জানান, শহরে এই মুহূর্তে যা দূষণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তাতে সমীক্ষায় দেখা গিয়েছে দু’টি শিশুর মধ্যে একজন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। পাশাপাশি গত সাত দশক ধরে ধীরে ধীরে শহরের তাপমাত্রা বৃদ্ধির ফলে মশাবাহিত রোগের চরিত্র বদলাচ্ছে। শীতেও ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলছে। এই সেমিনারে ইউনিসেফের তরফে মনজুর হোসেন উপস্থিত ছিলেন। ছিলেন কলকাতার প্রাক্তন শেরিফ দুলাল বোস। পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা ডঃ টি কে মুখোপাধ্যায়, পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস ও মনোবিদ সোমাশ্রী বসু। মনজুর হোসেন বলেন, শিশুদের উপর দূষণ এবং পরিবেশ পরিবর্তনের যে প্রভাব সেই বিষয়েই বেশি নজর থাকবে। তাঁদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখা হবে।  
আগামী দিনে কলকাতা শহরের বাতাসের গুণগত মান এবং এই বায়ুদূষণ ম্যানেজমেন্ট আরও কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করবে পুরসভা। জলবায়ু পরিবর্তনের কারণে যে গড় তাপমাত্রা বাড়ছে তা প্রতিরোধে হিট ম্যানেজমেন্টের উপরে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ইউনিসেফ।

সম্পর্কিত সংবাদ