Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খবর প্রকাশের পর তৎপর পুরসভা, বরানগরে শুরু ভাঙা রাস্তা মেরামত

২৫২ মিটার রাস্তা তৈরিতে খরচ করা হয়েছিল ১১লক্ষ টাকা। দু’মাস যেতে না যেতেই রাস্তা ভেঙেচুড়ে গিয়েছিল। এনিয়ে বর্তমানে খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসল বরানগর পুরসভা।

খবর প্রকাশের পর তৎপর পুরসভা, বরানগরে শুরু ভাঙা রাস্তা মেরামত
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ২৫২ মিটার রাস্তা তৈরিতে খরচ করা হয়েছিল ১১লক্ষ টাকা। দু’মাস যেতে না যেতেই রাস্তা ভেঙেচুড়ে গিয়েছিল। এনিয়ে বর্তমানে খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসল বরানগর পুরসভা। জানা গিয়েছে, ঠিকাদারকে নিজের টাকায় নতুন করে রাস্তা মেরামত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেখা গিয়েছে, রাস্তার দু’দিক বাঁশ দিয়ে ঘিরে শুরু হয়েছে কাজ। পুরসভা পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছে, গিরিশচন্দ্র ঘোষ রোডে কাজ চলবে বলে আগামী ২৮ দিন রাস্তাটি বন্ধ থাকবে।

Advertisement

বরানগরের ১৩ নম্বর ওয়ার্ডের গিরিশচন্দ্র ঘোষ রোড শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। বিটি রোডের বনহুগলি মোড় থেকে পথটি গোপাললাল ঠাকুর রোডে মিশেছে। ডিসেম্বর মাসে প্রায় দু’সপ্তাহ রাস্তা বন্ধ রেখে উঁচু করা হয়েছিল। ২০ ডিসেম্বর ঢালাইয়ের কাজ হয়। ১ জানুয়ারি খুলে দেওয়া হয় পথ। তারপর দু’মাস যেতে না যেতেই ভাঙতে শুরু করে রাস্তাটি। খানাখন্দ তৈরি হয়। স্টোন চিপ উঠে যায়। তা নিয়ে সংবাদপত্রে খবর প্রকাশ হতেই শহরজুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। রাতারাতি সক্রিয় হয়ে ওঠে পুর কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে নিজের টাকায় রাস্তা মেরামতের নির্দেশ দেয়। 
বৃহস্পতিবার রাস্তার দু’দিকে বাঁশ দিয়ে ঘিরে যান চলাচল বন্ধ করা হয়েছে। পথচারীরা রাস্তা বন্ধ দেখে ক্ষোভপ্রকাশ করেন। 
অধিকাংশের বক্তব্য, ‘এই রাস্তা নিয়েই যত সমস্যা। অর্ধেক দিন বন্ধ থাকে। পুরোপুরি বন্ধ করে দিলেই পারে।’ রাস্তা দেখভালের দায়িত্বে থাকা পুরসভার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এ প্রশ্নও উঠতে শুরু করে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তা খারাপের খবর প্রকাশ্যে আসতেই পুরসভার ইঞ্জিনিয়ারদের তা দেখতে পাঠানো হয়েছিল। পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিক বলেন, ‘ঠিকাদারকে রাস্তা ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের জন্য ২৮ দিন বন্ধ রাখতে হবে বলে ইঞ্জিনিয়াররা জানিয়েছেন। পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে।’ 

সম্পর্কিত সংবাদ