সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুর এলাকায় তৈরি হতে চলেছে মোট ১৩টি কমিউনিটি ও পাবলিক টয়লেট। পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর এবং সুডার যৌথ উদ্যোগে নবদ্বীপ পুরসভার বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসম্মত টয়লেটগুলি তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে। এর জন্য সরকারিভাবে বরাদ্দ হয়েছে দু’কোটি ১৬ লক্ষ আট হাজার ৬২৬ টাকা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অর্থের অনুমোদন মিলেছে। এখন টেন্ডার প্রক্রিয়াকরণ চলছে। টেন্ডার হয়ে গেলেই ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। তারপরে শুরু হবে ১৩টি শৌচাগার তৈরির কাজ। এই টয়লেটগুলি পুরসভার তত্ত্বাবধানেই পরিচালিত হবে। যাঁরা কমিউনিটি টয়লেটগুলি দেখাশোনার দায়িত্ব পাবেন, তাঁরাই সেগুলির রক্ষণাবেক্ষণ করবেন। সুলভ পাবলিক টয়লেটগুলি স্বয়ম্ভর গোষ্ঠীর দ্বারা পরিচালিত হবে। এই অনুমোদিত প্রকল্পে নবদ্বীপ পুরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আটটি পাবলিক এবং পাঁচটি কমিউনিটি টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল, বৈষ্ণবতীর্থ নবদ্বীপে আসা দর্শনার্থী এবং স্থানীয় বাসিন্দাদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার সুবিধা করা। যাতে শহর ও বাসিন্দাদের জীবনযাত্রা আরও পরিচ্ছন্ন ও সুস্থ হয়। এই প্রকল্পটি নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের সহযোগিতায় এবং সুডার(স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি) কারিগরি সহায়তায় বাস্তবায়িত হবে। জানা গিয়েছে, টয়লেটগুলি কোথায় নির্মিত হবে তা ইতিমধ্যেই ঠিক করা হয়ে গিয়েছে। পাঁচটি কমিউনিটি টয়লেটের দু’টি স্কুলে, দু’টি হরিজন পল্লিতে ও একটি পুরসভার ১নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন জনবসতি এলাকায় তৈরি হবে। আটটি সুলভ পাবলিক টয়লেটে সমস্ত রকম অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। তারজন্য বেসিন, হ্যান্ডওয়াশ সহ বিভিন্ন আধুনিক উপকরণের ব্যবস্থা করা হবে। শহরের বিভিন্ন এলাকায় পাবলিক টয়লেটগুলি তৈরি করা হবে। পুরসভার ১নম্বর ওয়ার্ডে দু’টি পাবলিক টয়লেটের একটি বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন সংলগ্ন এলাকায় এবং অপরটি স্টেশন সংলগ্ন টোটোস্ট্যান্ডের কাছে তৈরি হবে। এছাড়াও, ১৬নম্বর ওয়ার্ডের অফিসঘাট রোডে সুস্বাস্থ্যকেন্দ্রের কাছে, একটি প্রতাপনগর বাজারে, ২০নম্বর ওয়ার্ডের কলাবাগান সহ পুরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই পাবলিক টয়লেটগুলি নির্মাণ করা হবে। এগুলি কোনও স্বয়ম্ভর গোষ্ঠী অথবা কোনও এজেন্সির মাধ্যমে চালানো হবে। নবদ্বীপ পুরসভার আরবান প্ল্যানার রানা ভৌমিক বলেন, এটি সঠিকভাবে রূপায়িত হলে আগামিদিনে নবদ্বীপ পুরসভা স্বচ্ছতার দিকে আরও এগিয়ে যাবে। এবিষয়ে নবদ্বীপ পুরসভা সর্বোচ্চভাবে চেষ্টা করছে।



