নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই ভেঙে গিয়েছে কলকাতার পুরবোর্ড। এরমধ্যেই আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, আগামী ৬ মাসের মধ্যে কলকাতায় পুরভোট হবে। রাজ্য নির্বাচন কমিশন আইন মেনে কলকাতা পুরসভার নতুন পুর বোর্ডের হাতে ক্ষমতা তুলে দেবে। শহরের ওয়ার্ডের পুর্নবিন্যাসও করা হবে। পুরসভার কাজ কোনওভাবেই বন্ধ রাখা যায় না। শহরে স্বচ্ছতা-পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে। রাজনীতি শুধুমাত্র ভোটের সময় হওয়া উচিত, কাজের সময় নয়। এর পাশাপাশি কলকাতা পুরসভায় কেন প্রশাসক বসানো হয়েছে তারও ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। বলেন, মেয়রের পদত্যাগের পর পুরসভায় অচলাবস্থা তৈরি হয়েছিল। নাগরিক পরিষেবা এক মিনিটের জন্যও বন্ধ রাখা যায় না। তাই বাধ্য হয়েছি প্রশাসক বসানোর জন্য।
এদিন পুরনিগমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দেখা যায়, ফিরহাদ হাকিম, মালা রায়, জুঁই বিশ্বাস, দেবাশিস কুমার-সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলরদের। এমনকি উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ও। অনুষ্ঠানের শুরুতেই সকলকে ধন্যবাদ দেন শুভেন্দুবাবু। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে একতার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক হয়েছি। কাজের ক্ষেত্রে কোনও পক্ষ নেই। আমি একা কেউ নই। আমরা সবাই মিলে শহরের মানুষের জন্য কাজ করব। এরপর পুরসভার ভবিষ্যত রূপরেখা সম্পর্কেও বার্তা দেওয়া হয়। জানান, আগামী ৬ মাসের মধ্যে পুরভোট এবং ৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড গঠিত হবে। এদিন কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।