মুম্বই, ২১ মে: ফের প্লে অফে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স। আজ, বুধবার ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটলসকে ৫৯ রানে হারিয়ে বড় জয় পেল মুম্বই। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ফাফ ডু প্লেসি। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরপর উইকেট হারাতে থাকে মুম্বই। রোহিত শর্মা(৫), রিকেলটন(২৫), উইল জ্যাকস(২১) দ্রুত ডাগআউটে ফেরেন। হাল ধরেন সূর্যকুমার যাদব(৭৩) ও তিলক ভর্মা(২৭)। যদিও তিলক বেশি রান করতে পারেননি। ব্যর্থ হন অধিনায়ক হার্দিক পান্ডিয়া(৩)।
মুম্বইয়ের হয়ে শেষটা করেন সূর্যকুমার ও নমন ধীর(২৪)। জবাবে ব্যাট করতে নেমে কার্যত মুম্বইয়ের কাছে আত্মসমর্পণ করে দিল্লির ব্যাটাররা। লোকেশ রাহুল(১১), ফাফ ডু প্লেসি(৬), অভিষেক পোড়েল(৬), ভিপরাজ(২০) নিগম দ্রুত আউট হয়ে মুম্বইয়ের জয়ের রাস্তা পরিষ্কার করে দেয়। দিল্লির হয়ে এদিনের ম্যাচে শুধুমাত্র ভালো ইনিংস খেলেন সমীর রিজভি(৩৯)। মুম্বইয়ের হয়ে দুরন্ত বোলিং করেন যশপ্রীত বুমরাহ(৩.২ ওভারে ৩ উইকেট) ও মিচেল স্যান্টনার(৪ ওভারে ৩ উইকেট)। আজ, বুধবারের ম্যাচে দিল্লিকে হারাতেই চলতি বছরের প্লে অফে চতুর্থ দল হিসেবে প্রবেশ করেছে মুম্বই।