Bartaman Logo
৯ জুন, ২০২৬

ট্রেনে বাদুড়ঝোলা ভিড় এড়াতে মুম্বইয়ে অফিসের সময় বদলের ভাবনা

ভিড়ে ঠাসা লোকাল ট্রেন। রুটি রুজির টানে বাদুড়ঝোলা হয়ে তাতেই নিত্যদিনের যাতাযাত। বাণিজ্য নগরী মুম্বইয়ের এ ছবি নতুন নয়। ব্যস্ত সময়ে স্টেশনগুলিতে কার্যত পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়।

ট্রেনে বাদুড়ঝোলা ভিড় এড়াতে মুম্বইয়ে অফিসের সময় বদলের ভাবনা
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ভিড়ে ঠাসা লোকাল ট্রেন। রুটি রুজির টানে বাদুড়ঝোলা হয়ে তাতেই নিত্যদিনের যাতাযাত। বাণিজ্য নগরী মুম্বইয়ের এ ছবি নতুন নয়। ব্যস্ত সময়ে স্টেশনগুলিতে কার্যত পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। যার জেরে পরপর মৃত্যুর ঘটনা। সম্প্রতি মুম্বইয়ে লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা গোটা দেশজুড়ে আলোড়ন তুলেছে। এবার লোকাল ট্রেনের ভিড় সামলাতে এবার একাধিক বিকল্প ব্যবস্থা ভাবতে শুরু করেছে মহারাষ্ট্র সরকার।  এরমধ্যে অফিসগুলির কাজের সময় বদলেরও কথাও বিবেচনা করা হচ্ছে।  সেইসঙ্গে বিকল্প গণপরিবহনের ব্যবস্থার বিষয়টিও রয়েছে। এব্যাপারে ইতিমধ্যেই একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যেখানে সরকারি আধিকারিক ছাড়াও থাকবেন রেল ও মুম্বই মেট্রোপলিটন এলাকার অর্ন্তগত বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। মুম্বইয়ের পরিবহন মন্ত্রী প্রতাপ সারনায়েক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে লোকাল ট্রেনে স্বয়ংক্রিয় দরজা লাগানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে। যাতে যাত্রীরা চলন্ত ট্রেন থেকে পড়ে না যান।  পাশাপাশি সরকারি সংস্থাগুলির ক্ষেত্রে কর্মীদের কাজে যোগদানে ১ ঘণ্টা ছাড় দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সরনায়েক। বেসরকারি সংস্থাগুলিকেও এই নিয়ম চালু করা যায় কিনা, বিবেচনা করতে অনুরোধ করেছেন মন্ত্রী। ট্রেনের ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প গণ-পরিবহণের কথাও ভাবছে প্রশাসন। জলযান, বাইক ট্যাক্সি, পড ট্যাক্সি ও রোপওয়ে চালু করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পড ট্যাক্সির (চালক বিহীন ছোট যান) জন্য ইতিমধ্যেই বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে জমি দেওয়া হয়েছে। থানে, নভি-মুম্বইয়েও পড ট্যাক্সি চালুর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী।  

Advertisement
সম্পর্কিত সংবাদ