মুম্বই: অবিরাম বৃষ্টি আর বজ্রপাত। বাণিজ্যনগরী মুম্বইয়ের পাশাপাশি গোটা মহারাষ্ট্রেরই নানা জেলা জলমগ্ন। গত কয়েকদিনে রাজ্যজুড়ে বাজ ও বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুর্যোগ মোকাবিলামন্ত্রী গিরিশ মহাজন বলেন, মুম্বই এবং সংলগ্ন পালঘর ও রায়গড় জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। গত তিন-চার দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। আরও দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রবিবারই মুম্বইজুড়ে লাল সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, মানখুর্দ এলাকায় বাড়ির ছাদ ভেঙে একই পরিবারের ছ’জন প্রাণ হারান। এছাড়া মাথায় গাছ ভেঙে পড়ে গত দু’দিনে দুই ব্যক্তির মৃত্যু হয়। বৃষ্টিতে শহরের নানা জায়গা জল জমে স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত। লোকাল ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে।



