Bartaman Logo
১২ জুন, ২০২৬

মান্ডি-মানালি রাস্তায় একাধিক ধস, হাইওয়েতে রাত কাটালেন পর্যটকরা

দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। প্রবল বৃষ্টির জেরে মান্ডি ও মালানির মাঝে অন্তত পাঁচ জায়গায় ধস নেমেছে। অবরুদ্ধ হয়ে পড়ে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক।

মান্ডি-মানালি রাস্তায় একাধিক ধস, হাইওয়েতে রাত কাটালেন পর্যটকরা
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিমলা: দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। প্রবল বৃষ্টির জেরে মান্ডি ও মালানির মাঝে অন্তত পাঁচ জায়গায় ধস নেমেছে। অবরুদ্ধ হয়ে পড়ে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক। ফলে কুলু ও মানালিগামী বহু পর্যটক মাঝপথেই প্রায় ১২ ঘণ্টা আটকে রইলেন। রাস্তাতেই রাত কাটাতে হল বহু মানুষকে। রাস্তার একপাশ দিয়ে যাতে অন্তত হাল্কা গাড়ি চলাচল শুরু করতে পারে, সেজন্য তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। প্রবল বৃষ্টিতে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া ও অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছে কিন্নর কৈলাস যাত্রাও। আটকে পড়া ৪১৩ তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে। বুধবার সরকারি আধিকারিকরা একথা জানিয়েছেন।

Advertisement

মুষলধারে বৃষ্টির ফলে ঝোরাগুলির জলের ধাক্কায় টাঙ্গলিপ্পি ও কাঙ্গারাংয়ে দু’টি অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় কিন্নর কৈলাসের তীর্থযাত্রীরা আটকে পড়েন। আইটিবিপি জওয়ানরা জিপলাইন তৈরি করে সেই পুণ্যার্থীদের ঝোরার প্রবল স্রোত পার করে উদ্ধার করেন। এক্স হ্যান্ডলে আইটিবিপি উদ্ধারকাজের সেই ভিডিও পোস্ট করেছে। কিন্নর জেলা প্রশাসনের কাছে পুণ্যার্থীদের আটকে পড়ার খবর এসেছিল। এরপরই উদ্ধারের কাজে নামানো হয় আইটিবিপি ও এনডিআরএফকে। তীর্থযাত্রীদের উদ্ধার করে মিলিং খাতা ও গুফায় নিয়ে যাওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কিন্নর কৈলাস যাত্রা। পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত ওই রুটে তীর্থযাত্রা বন্ধ থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ