সংবাদদাতা, বজবজ: মেটিয়াবুরুজ বিধানসভার পাঁচুরবাজারে বিতর্কিত হেলে পড়া বহুতলটি বিপজ্জনক ঘোষণা করে নোটিস ঝুলিয়ে দিল মহেশতলা পুরসভা। নোটিসে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, বহুতলে যাঁরা রয়েছেন, তাঁরা নিরাপদ স্থানে চলে যান। জায়গাটি মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হলেও মহেশতলা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অংশ। ইতিমধ্যে পুরসভার বিল্ডিং বিভাগের একটি টিম বহুতলের মালিক ও সেখানে বসবাসকারীদের সম্পর্কে খোঁজ নিয়েছে। শুক্রবার পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস হালদার নিজেও বিপজ্জনক বহুতলটি সরেজমিনে দেখে এসেছেন। তাঁর কথায়, হেলে পড়া বহুতলটি কোনও ভাবে রাখা যাবে না। পুরোটাই ভেঙে ফেলতে হবে। কারণ, তার গায়ে গা দেওয়া আরও একটি বহুতল রয়েছে। এছাড়াও আশপাশে আরও বাড়ি আছে। ফলে ওই আবাসন ভেঙে পড়লে সংলগ্ন বাড়িগুলির বসবাসকারীদের ক্ষতি হতে পারে। প্রাণ সংশয় হওয়ার ঝুঁকি রয়েছে। তাপসবাবু বলেন, পুরসভার বিল্ডিং বিভাগ অনুসন্ধান করে জেনেছে, বাড়িটির প্রথম মালিক ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলারের আত্মীয়। সেই সময়ে বেআইনিভাবে আবাসন তৈরি হয়েছিল। বর্তমানে সেটির মালিক এক বস্ত্র ব্যবসায়ী। ওই ব্যবসায়ী পাঁচুর বাজারের হাট থেকে লক্ষ লক্ষ টাকার জামা কাপড় কিনে দিল্লি নিয়ে যান। এই বহুতলে সেই সব হাট থেকে কেনা জামা কাপড় প্যাকিং করা হয়। বেশ কয়েকজন কর্মচারীও এজন্য বহুতলে থাকেন। দিল্লির সেই বস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছে পুরসভা।



