Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মাটি মাফিয়া: পুলিসি অভিযানে ধৃত ১, অভিষেকের কাছে অভিযোগের পর তৎপরতা দেগঙ্গায়

মাটি মাফিয়া: পুলিসি অভিযানে ধৃত ১, অভিষেকের কাছে অভিযোগের পর তৎপরতা দেগঙ্গায়
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রমরমিয়ে চলছিল মাটির বেআইনি চোরাচালানের কারবার। বহুবার স্থানীয়রা মাটি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও লাভ হয়নি। শেষ পর্যন্ত রাজ্য প্রশাসন ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্য নেতাদের কাছে চিঠি পাঠানো হয়। এরপরই সক্রিয় হয় দেগঙ্গা থানার পুলিস। চাষের জমি থেকে মাটি কাটার অভিযোগে বুধবার রাতে এক মাটি পাচারকারীকে গ্রেপ্তার করেছে তারা। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মশিদুল দফাদার। দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের খাঁপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
বেশ কিছুদিন ধরে দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের খাঁপুর এলাকায় মাটি কেটে পাচার করা হচ্ছিল। মাটি মাফিয়ারা রাতে লরি লরি মাটি পাচার করছিল। এলাকাবাসীর অভিযোগ, শুধু সোহাই শ্বেতপুর এলাকা নয়, আশপাশের বিভিন্ন জায়গায় মাটি মাফিয়াদের রমরমা রাজত্ব চলছে। খাঁপুরের কাছে বিদ্যাধরী খাল সংলগ্ন মুক্তারপুর এলাকা থেকেও মাটি কেটে পাচার করা হচ্ছে। এছাড়া নুরনগর গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙা, আমুলিয়া পঞ্চায়েতে কোলসুর এলাকার চাষের জমি ও ভেড়ি থেকে মাটি কাটা হচ্ছে। দেগঙ্গা ১ নম্বর পঞ্চায়েতের হাসিয়া গ্রামে প্রায় ১০০ বিঘা চাষ জমি রয়েছে। সেখানে চাষজমির মাঝখান থেকে প্রায় ৩০ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ। 
দীর্ঘদিন ধরে এনিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও এলাকাবাসী সুরাহা পাননি। এরপর ক্ষতিগ্রস্ত কৃষকরা একজোট হয়ে মাটি মাফিয়াদের বিরুদ্ধে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানান। এরপরই নড়েচড়ে বসে দেগঙ্গা থানার পুলিস। বুধবার রাতে অভিযান চালিয়ে খাঁপুর গ্রাম থেকে এক মাটি পাচারকারীকে গ্রেপ্তার করে। হাসিয়া গ্রামের কৃষক মহম্মদ সিদ্দিক আলি বলেন, চাষের জমি থেকে মাটি কেটে পাচার করা হচ্ছে। কিন্তু প্রতিবাদ করলেই মাটি মাফিয়াদের হুমকির মুখে পড়তে হচ্ছে। স্থানীয় পুলিস ও প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানানোর পর পুলিস কিছুটা সক্রিয় হয়েছে। দেগঙ্গা ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রাজীব শিট বলেন, খাঁপুর গ্রামের চাষজমি থেকে মাটি কাটার অভিযোগ উঠেছিল। পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। অন্যান্য পঞ্চায়েত এলাকা থেকে অভিযোগ এলে সেই মতো পদক্ষেপ করা হবে।
সম্পর্কিত সংবাদ