সংবাদদাতা, তারকেশ্বর: হুগলি জেলা পরিষদ ও মৎস্য দপ্তরের সহযোগিতায় তারকেশ্বর ও ধনেখালি ব্লকে ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পে প্রশিক্ষণ ও মাছ চাষে ব্যবহৃত সামগ্রী প্রদান করা হল। তারকেশ্বর ব্লকে ১৯ জন চাষিকে ২০ কেজি করে মাছের পোনা ও চুন তুলে দেওয়া হয়। এছাড়া কম্পোজিট ফিস কালচার, ব্যক্তিগত প্রকল্পে ৫০ কেজি মাছের পোনা, ১২০ কেজি চুন, দুটি গ্রুপকে ৭২ কেজি করে মাছের পোনা, ১৫০ কেজি করে চুন, ৯০ কেজি এসএসপি এবং এক ইউনিট করে মাছের ওষুধ দেওয়া হয়। এছাড়া, ধনেখালি ব্লকে ২০ জন মৎস্য চাষিকে মাথাপিছু ২০ কেজি করে মাছের পোনা এবং ২০ কেজি করে চুন দেওয়া হয়েছে। ধনেখালি ও তারকেশ্বর ব্লকে তিন দিনব্যাপী মৎস্য চাষিদের প্রশিক্ষণ শুরু হয়েছে বুধবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ বিশিষ্টরা।



