Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কামারপুকুরকে এবার পুরসভা করার উদ্যোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ গোঘাটের বিধায়ক প্রশান্ত

বিধানসভা নির্বাচনের আগে কামারপুকুরকে পুরসভা করার আশ্বাস দিয়েছিলেন বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। গোঘাটের বিধায়ক হওয়ার পর প্রশান্তবাবু এই দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।

কামারপুকুরকে এবার পুরসভা করার উদ্যোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ গোঘাটের বিধায়ক প্রশান্ত
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বিধানসভা নির্বাচনের আগে কামারপুকুরকে পুরসভা করার আশ্বাস দিয়েছিলেন বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। গোঘাটের বিধায়ক হওয়ার পর প্রশান্তবাবু এই দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। কামারপুকুর সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করে জমাও দিয়েছেন তিনি। বিধায়কের এমন উদ্যোগে এলাকার বাসিন্দারা আশায় বুক বাঁধছেন।

Advertisement

প্রশান্তবাবু বলেন, কামারপুকুরকে পুরসভা করাই আমাদের লক্ষ্য। এজন্য রাজ্য সরকারের কাছে আবেদনের পাশাপাশি বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি। তবে এবারের বাজেটে পুরসভা ঘোষণা হবে না। আগামী দিনে প্রস্তুতি শুরুর জন্য তদ্বির করছি। সরকার প্রয়োজনীয় পরিকাঠামো খতিয়ে দেখার পর এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র আবির্ভাবভূমি কামারপুকুর। এখানে রামকৃষ্ণ মঠ ও মিশন আছে। ঠাকুরের স্মৃতিবিজড়িত নানা স্থান ছড়িয়ে রয়েছে। বিশেষ উৎসব-অনুষ্ঠান ছাড়াও প্রায় প্রতিদিনই এখানে দেশবিদেশের ভক্তদের আনাগোনা লেগে থাকে। পুণ্যার্থীরা বিভিন্ন হোটেলে ওঠেন। অনেকে স্থায়ীভাবে বসবাসের জন্যও কামারপুকুরকে বেছে নেন। আশপাশের বিভিন্ন গ্রাম, ভিনজেলার মানুষও কামারপুকুরে বসতি গড়ায় এলাকার জনসংখ্যা বাড়ছে। জমিজট কাটিয়ে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ কামারপুকুরকে সংযুক্ত করছে। এখানে গ্রামীণ হাসপাতাল, বিডিও অফিস সহ একাধিক সরকারি কার্যালয় রয়েছে। বিগত সরকারের আমলে কামারপুকুরে বাস টার্মিনাস তৈরি হয়। যান চলাচল বেশি হওয়ায় হুগলি গ্রামীণ পুলিশ কামারপুকুরে ট্রাফিক গার্ডও রেখেছে। এই এলাকার উপর দিয়ে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে যাতায়াতের রাস্তা রয়েছে।
মহকুমায় এখন একমাত্র পুরসভা আরামবাগ। কামারপুকুরকে পুরসভার স্বীকৃতি দিতে উদ্যোগী হয়নি বিগত সরকার। বিধায়কের উদ্যোগে কামারপুকুরের পুরসভা হওয়ার সম্ভাবনা নিয়ে আশায় স্থানীয়রা। পুরসভা হলে এলাকায় নাগরিক পরিষেবার উন্নতি, বাড়তি টাকা বরাদ্দ ও নানা সুবিধা পাওয়ার আশা করছেন কামারপুকুরবাসী।
পুরসভা ঘোষণার জন্য নানা দিক খতিয়ে দেখা হয়। তাই এলাকায় কতগুলি গ্রাম, পাড়া, রাস্তা, হাসপাতাল ও সরকারি ভবন কয়েছে, সেসব তথ্য সংগ্রহ করে জমা দিয়েছেন বিধায়ক। কামারপুকুরে বহু হোটেল, লজ রয়েছে। সেসবের বিষয়ে তথ্যও সংগ্রহ করেছেন প্রশান্তবাবু। 
২০১১ সালের জনগণনা অনুযায়ী কামারপুকুর পঞ্চায়েতের জনংখ্যার তথ্যও জমা দেওয়া হয়েছে।
কামারপুকুর পঞ্চায়েতের এক সদস্য বলেন, বিধায়ক ইতিমধ্যেই এলাকার নানা তথ্য চেয়েছিলেন। তাঁকে সেই তথ্য দেওয়া হয়েছে। কামারপুকুর পুরসভা ঘোষিত হলে খুবই ভালো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ