Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শৃঙ্গ জয় করে ফিরলেন জলপাইগুড়ির অভিযাত্রীরা

প্রতিকূল আবহাওয়ার কারণে সিসিকেএন শৃঙ্গ জয় অধরা থেকে গেল। তবে সাহসিকতায় ভর করে ১৯ হাজার ফুট উচ্চতায় একটি অনামী শৃঙ্গ জয় করে শনিবার জলপাইগুড়ি শহরে ফিরলেন অভিযাত্রীরা।

শৃঙ্গ জয় করে ফিরলেন জলপাইগুড়ির অভিযাত্রীরা
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রতিকূল আবহাওয়ার কারণে সিসিকেএন শৃঙ্গ জয় অধরা থেকে গেল। তবে সাহসিকতায় ভর করে ১৯ হাজার ফুট উচ্চতায় একটি অনামী শৃঙ্গ জয় করে শনিবার জলপাইগুড়ি শহরে ফিরলেন অভিযাত্রীরা। 

Advertisement

জলপাইগুড়ির নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের অভিযাত্রী টিমের নেতা ভাস্কর দাসের নেতৃত্বে জনক কোচ, বিজয় চক্রবর্তী, অরিন্দম জানা, সৌম্যদীপ দাস ও রাগেশ্রী বৈশ্য গত ১১ জুন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ১৭,৬৫০ ফুট উচ্চতার প্রথম শিবির (ক্যাম্প-১) থেকে ১৮,৪০০ ফুট উচ্চতায় দ্বিতীয় শিবির (ক্যাম্প-২) স্থাপন করেন। কিন্তু সেদিন রাত ১২টার পর থেকে শুরু হয় প্রবল তুষারপাত ও ঝোড়ো হাওয়া। অবিরাম তুষারপাতে অভিযাত্রীদের তাঁবু প্রায় বরফের নীচে চাপা পড়ে যায়। সারারাত জেগে থেকে তাঁদের তাঁবুর ওপর জমে থাকা বরফ সরিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।
পরদিনও আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় এবং তুষারধসের আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অভিযাত্রীরা ক্যাম্প-১-এ ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তাঁদের মূল শিবিরে (বেস ক্যাম্প) ফিরে আসতে হয়। তবে অভিযান সেখানেই থেমে থাকেনি। ১৩ জুন আবহাওয়া কিছুটা অনুকূলে এলে দলনেতা ভাস্কর দাস বেস ক্যাম্প সংলগ্ন একটি অনামী শৃঙ্গ আরোহণের পরিকল্পনা নেন। সেই লক্ষ্য নিয়ে জনক কোচ, বিজয় চক্রবর্তী ও অমিত দাসের তিন সদস্যের একটি দল রওনা দেয়। প্রায় ছ’ঘণ্টার কঠোর পরিশ্রমের পর তাঁরা ১৯,০০০ ফুট উচ্চতার অনামী শৃঙ্গের চূড়ায় পৌঁছে বিজয় পতাকা উত্তোলন করেন। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির মোট ন’জন অভিযাত্রী ১ জুন জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ