Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

৪০ হাজার কোটির প্রকল্পের মউ স্বাক্ষর বন্দরের, মুম্বইয়ে মেরিটাইম সম্মেলন

মুম্বইয়ে যে ‘ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫’ সোমবার থেকে শুরু হয়েছে সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) তাদের ১৩টি প্রকল্পের জন্য বিভিন্ন নামী সংস্থার সঙ্গে ‘মউ’ সই করছে।

৪০ হাজার কোটির প্রকল্পের মউ স্বাক্ষর বন্দরের, মুম্বইয়ে মেরিটাইম সম্মেলন
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুম্বইয়ে যে ‘ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫’ সোমবার থেকে শুরু হয়েছে সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) তাদের ১৩টি প্রকল্পের জন্য বিভিন্ন নামী সংস্থার সঙ্গে ‘মউ’ সই করছে। এসএমপি-র তরফে জানানো হয়েছে, যেসব প্রকল্পের জন্য এখানে মউ হবে তার মোট আর্থিক মূল্য প্রায় ৪০ হাজার কোটি টাকা। কলকাতা-হলদিয়া বন্দর এলাকাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই প্রকল্পগুলি রূপায়ণের পরিকল্পনা আছে। প্রকল্পগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বলাগড় টার্মিনাল নির্মাণ। এই প্রকল্পটির জন্য রাষ্ট্রায়ত্ত অভ্যন্তরীণ জলপথ পরিবহণ নিগমের সঙ্গে মউ হচ্ছে। হুগলির বলাগড়ে গঙ্গার মধ্যে চড়ায় এসএমপি-র প্রায় ৯০০ একর জমি আছে। কলকাতা বন্দরের উপর চাপ কমানোর জন্য সেখানে একটি ছোটো বন্দর নির্মাণ করা হবে। কলকাতা বন্দর থেকে জলপথে বার্জে করে কন্টেনার এবং অন্যান্য পণ্য আসা-যাওয়া করবে। তারপর সড়কপথে বা জলপথে তা দেশের বিভিন্ন অংশে পৌঁছাবে। আদানি, জেএসডব্লু-সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বাকি মউগুলি হয়েছে। এসএমপি তার কাজকর্ম তুলে ধরতে আকর্ষণীয় স্টল করেছে। সেখানে তুলে ধরা হয়েছে বাংলার ঐতিহ্যশালী শিল্প-সংস্কৃতি। শোলা শিল্পের কাজ দিয়ে সাজানো হয়েছে স্টল। পরিবেশিত হচ্ছে ছৌ নাচ। এসএমপি-র চেয়ারম্যান রথেন্দ্র রমণ এবং অন্য শীর্ষ আধিকারিকরা পাঁচদিনের এই সম্মেলনে গিয়েছেন। জাহাজ মন্ত্রক আয়োজিত এই সম্মেলনে দেশ ও বিদেশের জাহাজ শিল্প সংক্রান্ত বহু সংস্থা যোগ দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার এই সম্মেলনে বক্তব্য রাখবেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ