ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক মানেই রাশিয়ার কাছে চিন্তার বিষয়। মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা, এমনটাই মত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার জন্যই ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। যাতে আদপে ক্ষতি হচ্ছে মস্কোরই। এমনটাই মনে করেন ট্রাম্প। এই বিষয়ে তাঁর বক্তব্য, ‘রাশিয়ার থেকে সর্বাধিক বা দ্বিতীয় সর্বাধিক তেল কেনার দেশকে বলেই দিয়েছিলাম, উচ্চ হারে শুল্ক চাপাব। রাশিয়ার থেকে তেল কিনলে আমরা তাদের উপর ৫০ শতাংশ শুল্ক চাপাচ্ছি। এটি একটি বড় ধাক্কা ছিল। রাশিয়ার অবস্থা ভাল যাচ্ছে না। বিশেষ করে মস্কোর অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল নয়। উচ্চহারে ওই শুল্ক লাগুর পর মস্কো জোর ধাক্কা খেয়েছে।’ এখানে নাম না করে ভারতের উপর শুল্ক লাগুর বিষয়টিই বোঝাতে চেয়েছেন ট্রাম্প।



