নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দিন দুয়েকের মধ্যে দেশের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন মূলত দক্ষিণ ভারতেই রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেই দক্ষিণ ভারত ও লাগোয়া এলাকায় বছরের দ্বিতীয় পর্বের বর্ষাকাল শুরু হয়। দেশের এই অংশে শীতকালের প্রথমার্ধ পর্যন্ত উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয়। দক্ষিণ ভারতে পুবালি ও উত্তর পুবালি বাতাস সক্রিয় হওয়ার জন্য দ্বিতীয় দফার বৃষ্টি হয়। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতে পড়ে না। তবে পরোক্ষ প্রভাবে বঙ্গোপসাগরের দিক থেকে পুবালি বাতাস সক্রিয় হলে বর্ষা বিদায়ের পরেও রাজ্যে কিছুটা বৃষ্টিপাত হয়ে থাকে। পশ্চিম হিমালয় এলাকার উপর দিয়ে যাওয়া পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেও এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে রাজ্যে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত অন্তত দিনসাতেক বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়া চলবে রাজ্যের সব জেলাতেই। এরকমই পূর্বাভাস দেওয়া হয়েছে।



