Bartaman Logo
৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দাক্ষিণাত্যে বর্ষা, রাজ্যে আগমন নিয়ে ধন্দ

দাক্ষিণাত্যে বর্ষা প্রবেশ করেছে, তবে রাজ্যে আসার সময় নিয়ে ধন্দ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বিস্তারিত খবর এখানে।

দাক্ষিণাত্যে বর্ষা, রাজ্যে আগমন নিয়ে ধন্দ
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমগ্র কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুর কিছু অংশে বৃহস্পতিবার প্রবেশ করল বর্ষা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দু’-তিনদিনের মধ্যে উত্তর-পূর্ব ভারত, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ এবং গোয়ায় বর্ষা ঢুকে যাবে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কেরল হয়ে দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় ১ জুন। তবে সাতদিন এদিক-ওদিক হলেও একে স্বাভাবিক বলেই ধরা হয়। উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে যেমন বর্ষা আসার স্বাভাবিক দিন যথাক্রমে ৫ এবং ১০ জুন। তবে আজ, ৫ জুন উত্তরবঙ্গে বর্ষা ঢুকছে না। রাজ্যে কবে বর্ষা আসবে, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরও এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি।

Advertisement

আপাতত দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড় ও লাগোয়া এলাকায় ঝড়-বৃষ্টির মাত্রা বাড়বে। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রমেঘ সৃষ্টি হয়। নদীয়া, পূর্ব বর্ধমান, কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলার কোনও কোনও জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতা ও লাগোয়া এলাকায় সন্ধ্যা পর্যন্ত ঝড়-বৃষ্টি হয়নি। ফলে ভ্যাপসা গরমে মানুষের কষ্ট আরও বেড়েছে। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা (২৯.৮) স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ছিল। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে উপকূল লাগোয়া ও কাছাকাছি এলাকায় ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হয়েছে। দমদমে ৩৭.৬ ডিগ্রি, সল্টলেকে ৩৭.৪ ডিগ্রি ও বারাকপুরে ৩৮ ডিগ্রি ছিল সর্বোচ্চ তাপমাত্রা।  দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমানের পানাগড়ে (৪১.১ ডিগ্রি) সর্বোচ্চ তাপমাত্রা ছিল সব থেকে বেশি।

সম্পর্কিত সংবাদ