Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিনা ভাড়ায় যুবভারতীতে খেলবে মোহন বাগানও

ময়দানের প্রয়োজনে বরাবরই কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় । আইএসএল শুরুর আগেও দরাজহস্ত মুখ্যমন্ত্রী। কঠিন সময়ে ময়দানের তিন প্রধানের পাশে রইলেন তিনি।

বিনা ভাড়ায় যুবভারতীতে খেলবে মোহন বাগানও
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দানের প্রয়োজনে বরাবরই কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় । আইএসএল শুরুর আগেও দরাজহস্ত মুখ্যমন্ত্রী। কঠিন সময়ে ময়দানের তিন প্রধানের পাশে রইলেন তিনি। চলতি মরশুমে নিখরচায় যুবভারতীতে ম্যাচ খেলবে মোহন বাগান ও ইস্ট বেঙ্গল। বঞ্চিত হয়নি মহমেডান স্পোর্টিংও। আইএসএলে তাদের হোম ম্যাচের ভেন্যু কিশোর ভারতী স্টেডিয়াম। বিনা ভাড়ায় রেড রোডের পাশের ক্লাবও মাঠ ব্যবহারের অনুমতি পাচ্ছে। সবমিলিয়ে খুশির হাওয়া ফুটবল মহলে।

Advertisement

যুবভারতীতে ম্যাচ আয়োজনে বিপুল টাকা খরচ হয়। শুধুমাত্র স্টেডিয়ামের ভাড়াই ১৫ লক্ষ টাকা। তুলনায় কিশোর ভারতীর ভাড়া প্রায় অর্ধেক। তাই খরচ কমাতে অপেক্ষাকৃত কম দর্শকাসনের কিশোর ভারতীকে বেছে নিয়েছিল ইস্ট বেঙ্গলের লগ্নিকারী সংস্থা। কিন্তু সদস্য-সমর্থকদের কথা ভেবে বেঁকে বসেন লাল-হলুদ কর্তারা। শীর্ষ কর্তার আবেদনে সাড়া দিয়ে স্টেডিয়ামের ভাড়া মকুব করেন মুখ্যমন্ত্রী। এরপর একই রাস্তায় হাঁটে মোহন বাগানও। সবুজ-মেরুন কর্তাদের অনুরোধে সাড়া দিতে কালবিলম্ব করেননি মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মোহন বাগান সভাপতি দেবাশিস দত্তের মন্তব্য, ‘মুখ্যমন্ত্রীকে ফের কৃতজ্ঞতা জানাই। অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।’
এদিকে, শনিবার আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামছে মোহন বাগান। যুবভারতীর ম্যাচ ঘিরে প্রবল উৎসাহ রয়েছে সমর্থকদের মধ্যে। বৃহস্পতিবার যুবভারতীর বক্স অফিস থেকে ম্যাচের টিকিট সংগ্রহের জন্য প্রচুর সমর্থক হাজির ছিলেন। আজ, শুক্রবার ময়দানের মোহন বাগান তাঁবুতে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে টিকিট সংগ্রহ করতে পারবেন বৈধ সদস্যরা। এদিকে, চার্চিল ব্রাদার্সের আইএসএলে খেলার সম্ভাবনা শেষ। বৃহস্পতিবার ফেডারেশনের কার্যকরী কমিটি তা বাতিল করে দিয়েছে। 

সম্পর্কিত সংবাদ