Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অময় রানওয়াডেকে সই করাল মোহন বাগান

চোট পেয়ে আইএসএল থেকে ছিটকে গিয়েছেন আশিস রাই। ফলে রাইট উইং ব্যাকে নতুন ফুটবলারের সন্ধানে ছিল মোহন বাগান।

অময় রানওয়াডেকে সই করাল মোহন বাগান
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোট পেয়ে আইএসএল থেকে ছিটকে গিয়েছেন আশিস রাই। ফলে রাইট উইং ব্যাকে নতুন ফুটবলারের সন্ধানে ছিল মোহন বাগান। রবিবার অময় রানওয়াডেকে বাকি মরশুমের জন্য সই করাল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাকলারেন, কামিংসদের সঙ্গে সোমবার অনুশীলনে যোগ দেবেন তিনি। সের্গিও লোবেরার কোচিংয়ে মুম্বই সিটি ও ওড়িশায় খেলেছেন রানওয়াডে। থিঙ্কট্যাঙ্ক আশাবাদী, তাঁর অন্তর্ভুক্তি দলকে আরও শক্তিশালী করবে। রক্ষণ সামলানোর পাশাপাশি ওভারল্যাপে বেশ পারদর্শী রানওয়াডে।

Advertisement


সের্গিও লোবেরার কোচিংয়ে উইং ব্যাকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ক্রমাগত আক্রমণে এসে প্রতিপক্ষ রক্ষণের উপর চাপ বাড়ান তাঁরা। তাছাড়া লোবেরা হাতের তালুর মতো চেনেন রানওয়াডেকে। ফলে নতুনভাবে মানিয়ে নেওয়ার সমস্যা নেই। আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএল অভিযান শুরু করবে মোহন বাগান। ঘরের মাঠে পেত্রাতোস, ম্যাকলারেনদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি দলের সেট টিম অনেকটাই ভেঙেছে। আদ্রিয়ান লুনা, নোয়া সাদিউয়ের মতো তারকা দল ছেড়েছেন। পরিবর্তে নতুন বিদেশি রিক্রুট করেছে তাদের  ম্যানেজমেন্ট। অজানা প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ সতর্ক সের্গিও লোবেরা। হাই-প্রোফাইল স্প্যানিশ কোচের কাছে এবারের আইএসএল বড় পরীক্ষা। যাবতীয় চ্যালেঞ্জ সামলে চ্যাম্পিয়ন হতে মরিয়া তিনি।


আইএসএলে গতবারের চ্যাম্পিয়ন মোহন বাগান। চলতি মরশুমেও কামিংসদের নিয়ে প্রত্যাশা তুঙ্গে। রবিবার রাত থেকেই অন-লাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। চাহিদা ক্রমশ উর্ধ্বমুখী। অফ-লাইনেও টিকিট মিলবে। টিকিট স্ট্যাম্পিং শেষ হলে বুধবারই তা বাজারে ছাড়তে পারে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

সম্পর্কিত সংবাদ