অম্বরীশ চট্টোপাধ্যায় , কলকাতা:
অম্বরীশ চট্টোপাধ্যায় , কলকাতা:
মঙ্গলবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে মোহন বাগান অনুশীলন তখন শেষ। প্রায় সকলেই হাঁটা লাগিয়েছেন ড্রেসিং-রুমের পথে। বিশাল কাইথকে পোস্টে রেখে পরের পর শট নিলেন জেসন কামিংস ও দিমিত্রি পেত্রাতোস। অজি ফুটবলারদের তাগিদেই মরিয়া ভাব স্পষ্ট। বুধবার ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পেতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। শনিবার মাঠে নামার জন্য ড্র’ই যথেষ্ট। কিন্তু মোলিনার ভাবনায় শুধুই জয়। উল্লেখ্য, ফাইনালে ইতিমধ্যেই পা রেখেছে ইস্ট বেঙ্গল। কামিংসরা ইউনাইটেডকে টপকালেই ডার্বি নিশ্চিত। অনুশীলন শুরুর আগে তাই সকলেই চোখ রেখেছিলেন নামধারী-ইস্ট বেঙ্গল ম্যাচের দিকে।
খাতায়-কলমে অপেক্ষাকৃত দুর্বল ইউনাইটেড স্পোর্টস। তবু প্রতিপক্ষকে হাল্কাভাবে নিচ্ছেন না কোচ হোসে মোলিনা। লালকমল ভৌমিকের দল দীর্ঘদীন একসঙ্গে অনুশীলন করে। তাছাড়া সুজল মুণ্ডা, লালরেমরুয়াতারা দারুণ ছন্দে রয়েছেন। এমন পরিস্থিতিতে হিসেব কষে খেলতে চান মোলিনা। জাতীয় দলে রয়েছেন লিস্টন, আপুইয়া সহ পাঁচ ফুটবলার। তাছাড়া চোটের কারণে এই ম্যাচে মনবীরকে পাচ্ছেন না কোচ মোলিনা। এমনকী অনিরুদ্ধ থাপাও অনিশ্চিত। তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার সকালে নেবেন স্প্যানিশ হেডস্যার। ফলে ইউনাইটেডের বিরুদ্ধে ফর্মেশন বদলাচ্ছে না। তবে ফুটবলারদের পজিশনে পরিবর্তন আনতে চলেছেন মোলিনা। রাইট উইংয়ে মনবীরের জায়গায় কিয়ানকে খেলিয়ে বাঁ প্রান্তে রবসনকে ব্যবহার করতে পারেন তিনি। মাঝমাঠে অভিষেক সূর্যবংশী নিশ্চিত। অনিরুদ্ধ থাপা একান্তই না পারলে খেলবেন গ্লেন মার্টিন্স। আর ফিডারের ভূমিকায় দেখা যেতে পারে কামিংসকে। সেক্ষেত্রে রক্ষণে আলবার্তোর সঙ্গী মেহতাব সিং। দুই উইং ব্যাকে অভিষেক সিং ও আশিস রাই। লক্ষ্যভেদের দায়িত্বে বিশ্বকাপার ম্যাকলারেন। এদিকে, আশায় বুক বাঁধছেন ইউনাইটেড স্পোর্টস কোচ লালকমল ভৌমিক। বড় দলের বিরুদ্ধে সীমিত শক্তি নিয়ে সেরাটা উজাড় করে দিতে মরিয়া তিনি।
কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার এসএসইএন অ্যাপে।