Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিগে কাস্টমসের কাছে হার মোহন বাগানের

ঘরোয়া লিগে ফের ধাক্কা খেল মোহন বাগান। বুধবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা কাস্টমসের কাছে ০-১ গোলে হেরেছে ডেগি কার্ডোজোর দল।

লিগে কাস্টমসের কাছে হার মোহন বাগানের
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

মোহন বাগান-০                                :                         কাস্টমস-১ (রৌণক)

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে ফের ধাক্কা খেল মোহন বাগান। বুধবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা কাস্টমসের কাছে ০-১ গোলে হেরেছে ডেগি কার্ডোজোর দল। শেষ মুহূর্তে গোল করে কাস্টমসের জয়ের নায়ক রৌণক পাল। এই হারের জেরে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পালতোলা নৌকা। সুপার সিক্সের আশা কার্যত শেষ সবুজ-মেরুন ব্রিগেডের। মেসারার্স ম্যাচে দল না নামানোয় ঝুলে রয়েছে সেই ম্যাচের ভাগ্য। ফলে গ্রুপ পর্বে হাতে রয়েছে আর একটি ম্যাচ। তা জিতলেও, খুব একটা লাভ হবে না। উল্লেখ্য, গত মরশুমেও সুপার সিক্সে জায়গা করতে ব্যর্থ হয় মোহন বাগান।
গত ম্যাচে বিএসএসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল মোহন বাগান। তাতে উজ্জ্বল হয় সুপার সিক্সের আশা। কিন্তু বুধবার সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ গঙ্গাপাড়ের ক্লাব। আত্মতুষ্টিই ভোগাল ডেগি-ব্রিগেডকে। এদিন চোটের কারণে দলের অধিনায়ক সন্দীপ মালিককে পাননি সবুজ-মেরুন কোচ। তবু শুরুটা মন্দ করেনি মোহন বাগান। কাস্টমসের কোচ অভিজ্ঞ বিশ্বজিৎ ভট্টাচার্য রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণের রণনীতিতে দল নামিয়েছিলেন। প্রথমার্ধে অবশ্য বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিলেন বাগান ফুটবলাররা। কিন্তু লক্ষ্যভেদে ব্যর্থ হন সুজলরা। দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়ায় মোহন বাগান। এই পর্বে বার দুয়েক ভালো জায়গায় ফ্রি-কিকও পেয়েছিলেন আদিত্যরা। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ তাঁরা। পক্ষান্তরে, কাস্টমসের রিকি ঘরামি এদিন বেশ নজর কাড়লেন। ডান প্রান্ত থেকে তাঁর দৌড় আটকাতে রীতিমতো বেগ পেতে হল সবুজ-মেরুনের ডিফেন্সকে। আর সংযোজিত সময়ে প্রতি-আক্রমণ থেকে কাস্টমসকে এগিয়ে দেন রৌণক (১-০)। ফলে একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়েন ডেগির ছেলেরা।
মোহন  বাগান: দীপ্রভাত, আদিত্য (রোহন), বিলাল, মার্শাল, নিশার, পিযূষ, মিংমা (পবিত্র), টংসিন (সাহিল), আদিত্য (রোহিত), তুষার (বিভান), শিবম।  

সম্পর্কিত সংবাদ