Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ, জয়ের হ্যাটট্রিকে চোখ মোহন বাগানের

মোহন বাগান অনুশীলনে নেমে পড়লেন কিয়ান নাসিরি। ডার্বিতে বিরল কৃতিত্বের অধিকারী এই সুদর্শন ফুটবলার।

প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ, জয়ের হ্যাটট্রিকে চোখ মোহন বাগানের
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: মোহন বাগান অনুশীলনে নেমে পড়লেন কিয়ান নাসিরি। ডার্বিতে বিরল কৃতিত্বের অধিকারী এই সুদর্শন ফুটবলার। সুপার-সাব হিসেবে বড় ম্যাচে হ্যাটট্রিক সত্যিই নজিরবিহীন। কিন্তু ওয়ান ম্যাচ ওয়ান্ডার তকমা ছেড়ে বেরতে পারেননি জামশিদ নাসিরির পুত্র। মোহন বাগানে ম্যাচ টাইম না পেয়ে চেন্নাইয়ানে পাড়ি দেন কিয়ান। এক বছর কাটিয়েই অবশ্য ঘরে ফিরেছেন তিনি। কিয়ানের আত্মবিশ্বাস ফেরাতে গোল প্রয়োজন। তাই মোহন বাগান টিম ম্যানেজমেন্ট তাঁকে ঘরোয়া লিগে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। থিঙ্কট্যাঙ্কের ভাবনার প্রশংসা করতেই হয়। বৃহস্পতিবার ডেগি কার্ডোজোর দলে যোগ দিয়েছেন কিয়ান। ম্যাচ ফিট হতে কিছুটা সময় দরকার। এরইমধ্যে নৈহাটিতে শুক্রবার ঘরোয়া লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নামছে মোহন বাগান। প্রতিপক্ষকে বশ মানাতে পারলেই জয়ের হ্যাটট্রিকের সুযোগ।  ম্যাচের আগে কোচ ডেগি কার্ডোজের মন্তব্য,‘আমরা তৈরি। দলে কিছু সমস্যা রয়েছে। তবে ছেলেরা নিশ্চয়ই তা কাটিয়ে উঠবে।’

Advertisement

রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে বৃহস্পতিবার অনুশীলন সারল সবুজ-মেরুন ব্রিগেড। রেলওয়ে এফসি’র বিরুদ্ধে লাল কার্ড দেখায় নেই সালাউদ্দিন। দক্ষিণী উইং হাফ গত কয়েকটি ম্যাচেই নজর কেড়েছেন। তাঁর অনুপস্থিতি ঢাকাই বাকিদের পরীক্ষা। চোটের কারণে মিংমা শেরপাও অনিশ্চিত। আসলে মোহন বাগান স্কোয়াডে অভিজ্ঞতার অভাব প্রবল। মার্শাল কিস্কু, সন্দীপ পালরা নিঃসন্দেহে প্রতিভাবান। তবে সবুজ-মেরুন জার্সির ওজন নেওয়া সত্যিই বড় চ্যালেঞ্জ। ঘরোয়া লিগের ম্যাচে দ্রুত গোল পেলে চাপ কমে। অন্যথায় সময় গড়ানোর সঙ্গেই নিজেদের রক্ষণে পায়ের জঙ্গল তৈরি করে প্রতিপক্ষ। জলকাদার মাঠে লক্ষ্যভেদ তখন বেশ কঠিন। আর তা বুঝেই দুটো উইং কাজে লাগাতে চাইছেন কোচ ডেগি।
লিগের প্রথম ম্যাচে পুলিস এসি’র বিরুদ্ধে হারে মোহন বাগান। তবে ধাক্কা কাটিয়ে পরের দুই ম্যাচে পুরো পয়েন্ট পেয়েছে তারা। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬। স্কোয়াডের গড় বয়স ২০। ফিটনেস এবং দম তারিফযোগ্য। অন্যদিকে, গত মরশুমে মোহন বাগানকে হারিয়ে চমকে দিয়েছিল এই জর্জ টেলিগ্রাফ। এবার অবশ্য পরিস্থিতি অন্যরকম। টানা দু’টি ম্যাচ হেরে চাপে রয়েছে সায়ন্তন দাস রায়ের দল। তাঁর মন্তব্য, ‘ঘুরে দাঁড়াতেই হবে। বড় দলের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করতে ফুটবলাররা মরিয়া।’
 নৈহাটিতে ম্যাচ শুরু দুপুর তিনটেয়। সরাসরি সম্প্রচার এসএসইএন অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ