Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঘুমপাড়ানি ফুটবলে ড্র মোহন বাগানের

মুষলধারে বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ ঝলকানি। বাজের শব্দে কান পাতা দায়। অথচ রেফারি নির্বিকার। প্রায় গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে এমন পরিবেশেও দিব্যি চালিয়ে গেলেন খেলা। বিপদ ঘটলে দায় নিতেন কে?

ঘুমপাড়ানি ফুটবলে ড্র মোহন বাগানের
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী , নৈহাটি

Advertisement

জর্জ টেলিগ্রাফ- ০  :  মোহন বাগান-০

মুষলধারে বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ ঝলকানি। বাজের শব্দে কান পাতা দায়। অথচ রেফারি নির্বিকার। প্রায় গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে এমন পরিবেশেও দিব্যি চালিয়ে গেলেন খেলা। বিপদ ঘটলে দায় নিতেন কে? শুক্রবার নৈহাটিতে মোহন বাগান বনাম জর্জ টেলিগ্রাফ ম্যাচ ছাপিয়েও দানা বাঁধল তীব্র বিতর্ক। ম্যাচ কমিশনার রঞ্জিত বক্সির উত্তর, ‘সর্বভারতীয় ফুটবল সংস্থার নিয়ম মেনেই ম্যাচ হয়েছে। বজ্রপাতের তীব্রতা মাপার অ্যাপ ব্যবহার করা হয়। তাই কোনও বিতর্ক নেই।’ সত্যিই তো, বাজ পড়লে তিনি কী-ই বা করবেন? সত্য সেলুকাস, কী বিচিত্র ঘরোয়া লিগ। তবে নিয়মের অজুহাতে মোহন বাগানের ব্যর্থতা ঢাকার জায়গা নেই। ঘুমপাড়ানি ফুটবল খেলে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে গোলশূন্য ড্র ডেগি কার্ডোজো-ব্রিগেডের। সংযোজিত সময়ে সিটার মিস করলেন পরিবর্ত হিসেবে নামা মোহন বাগানের আদিল। বাকি সময়ে জার্সির রং ছাড়া চেনা গেল না পালতোলা নৌকাকে। 
আগের ম্যাচে লাল কার্ড দেখায় সালাউদ্দিনকে এদিন পায়নি মোহন বাগান। দক্ষিণী ফুটবলার এই দলের ইঞ্জিন। তিনি না থাকায় একেবারেই নির্বিষ মোহন বাগান। ঘুমপাড়ানি ফুটবলে মাথাব্যথার জোগাড়। মালগাড়ির গতিতে ছোটাছুটিই সার। শুধুমাত্র স্কোয়ার পাসে বিপক্ষের রক্ষণ ভাঙার বৃথা চেষ্টা। চাপ বাড়ানোর বদলে জর্জ টেলিগ্রাফ ফুটবলারদের কাজটা আরও সোজা করে দিল মোহন বাগান। প্রতিপক্ষ রক্ষণের ভিড়ে হাঁসফাঁস করলেন করন রাইরা। উত্তরবঙ্গের অন্যতম সেরা স্ট্রাইকার এই করণ। কিন্তু তাঁকে বল জোগাবেন কে? মাঝমাঠ থেকে উইংয়ে খেলা ছড়ানোর চেষ্টাও করলেন না কেউ। কোচ ডেগি কার্ডোজোর স্ট্র্যাটেজি একমাত্র তিনিই বোঝেন। 
শুক্রবার সবুজ-মেরুন জার্সিতে অভিষেক ঘটল গুরনাজ সিংয়ের। দাগ কাটতে পারেননি। দ্বিতীয়ার্ধে তুলে নিতে হয় গুরনাজকে। বেগতিক বুঝে পরের পর পরিবর্তন আনলেন ডেগি। তাতে লাভের লাভ হয়নি। বরং ম্যাচ গড়ানোর সঙ্গেই নিজেদের গুছিয়ে নিল জর্জ। লিগ টেবিলে আপাতত ৪ ম্যাচে ৭ পয়েন্ট মোহন বাগানের। কোচ ডেগির মন্তব্য, ‘প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দল।’ এদিকে, ম্যাচের শুরুতে ভিআইপি বক্সে জায়গা হয়নি মোহন বাগান ফুটবলারদের। তাই ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্ট। তবে বৃষ্টি শুরু হলে আইএফএ সচিবের উদ্যোগে বক্সে ঢোকানো হয় তাঁদের। এদিকে বিদেশিহীন ডুরান্ড কাপ আয়োজন চেয়ে উদ্যোক্তাদের চিঠি দেল মোহন বাগান। এদিকে,  কলকাতা লিগের অন্য ম্যাচে রেলওয়ে ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। অপর ম্যাচে মেসারার্সের বিরুদ্ধে ২-১ গোলে জিতল বিএসএস।
মোহন বাগান: দীপপ্রভাত, লিওয়ান, সাহিল (আদিত্য), বিলাল, মার্শাল কিস্কু, শিবম (পীযূষ), সন্দীপ, গুরনাজ (তুষার), পাসাং (রোশান), টনসিন ও করণ (আদিল)।

সম্পর্কিত সংবাদ