নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেমি ম্যাকলারেন মাঠে নামতেই সমর্থকদের উচ্ছ্বাস হাউইয়ের মতো আকাশ ছুঁল। জেসন কামিংসের ক্ষেত্রে গ্যালারি জুড়ে ‘আরামসে’ রব। আসলে মুড ভালো থাকলে কথায় কথায় ‘আরামসে’ বলে ওঠেন অজি তারকা। এদিন সোনালি চুলে হাত বুলিয়ে ছুট দিলেন মাঠে। দুই অস্ট্রেলিয়ান ফুটবলারকে ঘিরেই সরগরম মোহন বাগানের অনুশীলন। মঙ্গলবার গভীর রাতে কলকাতায় পৌঁছন ম্যাকরালেন ও কামিংস। ক্লান্তির জ্যাকেট হোটেলে ছেড়ে দু’জনেই হাজির প্র্যাকটিসে। প্রথম দিনেই বল পায়ে দেখা গেল অজি বিশ্বকাপারদের। শনিবার ডুরান্ড কাপে ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে মোহন বাগানের। সরাসরি নক-আউটে পৌঁছতে হলে কিভুর দলকে হারাতেই হবে মোলিনা ব্রিগেডকে। বোঝাই যাচ্ছে কামিংস, ম্যাকাকে স্কোয়াডে রাখার ভাবনায় স্প্যানিশ কোচ। হয়তো পরিস্থিতি অনুযায়ী তাঁদের ব্যবহার করা হবে। দুই ফুটবলারই আসল গেমচেঞ্জার। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলানোর ক্ষমতা রয়েছে। সবমিলিয়ে কামিংসদের যোগদানে আরও উজ্জীবিত হোসে মোলিনার পালতোলা নৌকা।



