Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করাই লক্ষ্য মোহন বাগানের, যুবভারতীতে আজ প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং

রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্স! চারদিক নিস্তব্ধতায় মোড়া। সচরাচর লোকজনও নজরে পড়ে না। তবে বুধবার মোহন বাগানের প্র্যাকটিসে অন্য চিত্র।

জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করাই লক্ষ্য মোহন বাগানের, যুবভারতীতে আজ প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

সৌগত গঙ্গোপাধ্যায়  কলকাতা

Advertisement

রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্স! চারদিক নিস্তব্ধতায় মোড়া। সচরাচর লোকজনও নজরে পড়ে না। তবে বুধবার মোহন বাগানের প্র্যাকটিসে অন্য চিত্র। ডুরান্ড কাপে নামার আগে প্রিয় ফুটবলারদের তাতাতে হাজির বেশ কিছু সবুজ-মেরুন সমর্থক। প্র্যাকটিস শেষে বিশাল কাইথ, লিস্টন কোলাসোদের সংবর্ধনাও জানালেন তাঁরা। আর আব্দার একটাই, ‘মর্যাদার লড়াই জিততেই হবে।’ অবশ্য ছন্নছাড়া মহমেডানের এখন যা অবস্থা তাতে বৃহস্পতিবার মোহন বাগানের জয় পেতে অসুবিধা হওয়ার কথা নয়। তবুও ডুরান্ডের প্রথম ম্যাচে নামার আগে সতর্ক বাগান কোচ বাস্তব রায়।
ক’দিন আগেই ডার্বি হেরেছে মোহন বাগান। লিগে জুনিয়র ফুটবলার খেলানোর খেসারত দিতে হয়েছে পালতোলা নৌকাকে। তবে ডুরান্ডে সিনিয়র ফুটবলারদের রেখেই দল সাজাচ্ছেন বাগান কোচ। গত বছর টাই-ব্রেকারে হেরে ডুরান্ড ট্রফি হাতছাড়া হয়। এবার সেই আক্ষেপ মেটাতে বদ্ধপরিকর বিশাল কাইথরা। পাঞ্জাবি গোলরক্ষকের হাতেই এবার মোহন বাগান ক্যাপ্টেনের আর্মব্যান্ড। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ স্মরণীয় করতে মরিয়া বিশাল। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলছিলেন, ‘আইএসএলের ভবিষ্যত্ নিয়ে সবাই চিন্তিত। কিন্তু এটা আমাদের হাতে নেই। তবে ডুরান্ড কাপে সেরাটা উজাড় করে দিতে চাই।’
মোহন বাগানের পুরো স্কোয়াড এখনও কলকাতায় আসেনি। তাছাড়া মনবীর সিং ও শুভাশিস বসুর চোট রয়েছে। তাই সিনিয়রদের পাশাপাশি কয়েকজন জুনিয়রকে রেখেই প্রথম একাদশ সাজাবেন কোচ বাস্তব। তেকাঠির নীচে বিশাল কাইথ। নতুন রিক্রুট অভিষেক সিং বৃহস্পতিবার মোহন বাগান জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামবেন। রাইট ব্যাকে আশিস রাই। আর দুই সেন্টার ব্যাক দীপ্যেন্দু বিশ্বাস ও দীপক টাংরি। মাঝমাঠে অভিষেক সূর্যবংশীর সঙ্গে আপুইয়া বা অনিরুদ্ধ থাপাকে খেলাতে পারেন কোচ। আক্রমণভাগে ভরসা লিস্টন কোলাসো, সুহেল ভাটরা। পাসাং দোরজিকেও খেলাতে পারেন বাস্তব রায়। এদিন অনুশীলনেও বাগান ফুটবলারদের বেশ চনমনে দেখাল। গা ঘামানোর আগে গত মরশুমের সেরা ফুটবলারের পুরস্কার হাতে ড্রেসিং-রুম থেকে বেরিয়ে এলেন আপুইয়া। ট্রফি হাতে মাঠে ছবিও তুললেন। আর প্র্যাকটিসে ওয়ার্ম-আপের পর কোচের তত্ত্বাবধানে পাসিং ফুটবলের মহড়া চলল কিয়ান-অনিরুদ্ধ থাপাদের। শেষে সেটপিসেও জোর দিলেন বাস্তব রায়। সাংবাদিক সম্মেলনে বাগান কোচ বলছিলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ সর্বদাই কঠিন। আর মহমেডান ইতিমধ্যেই একটি ম্যাচ খেলে ফেলেছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’
পক্ষান্তরে, ট্রান্সফার ব্যানের কারণে রীতিমতো ধুঁকছে মহমেডান। দলের সঙ্গে নতুন একাধিক প্লেয়ার প্র্যাকটিস করলেও, তাঁদের রেজিস্ট্রেশন করাতে পারছে না ক্লাব। ডুরান্ডের প্রথম ম্যাচেও ডায়মন্ডহারবারের কাছে হেরেছে সাদা-কালো ব্রিগেড। কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর কথায়, ‘আমার হাত-পা বাঁধা। তবে সীমিত শক্তি নিয়েই মোহন বাগানকে বেগ দিতে প্রস্তুত।’
এদিকে, ১ আগস্ট থেকে ক্লাবের মাঠে অনুশীলন করবে মোহন বাগান। বৃহস্পতিবার মধ্যরাতে শহরে পা রাখার কথা কোচ হোসে মোলিনার। আগামী সপ্তাহের মধ্যে চলে আসবেন বিদেশিরা।


 যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭টায়। সম্প্রচার সোনি স্পোর্টসে।

সম্পর্কিত সংবাদ