সঞ্জয় সরকার, কলকাতা: গত মরশুমে আরএফডিএল চ্যাম্পিয়ন হয় মোহন বাগান। তবে সেই দলের একাধিক ফুটবলার এবার দল ছেড়েছেন। তাঁদের পরিবর্তে যোগ দেওয়া ফুটবলাররা মোটেই আহামরি নন। ফলে ঘরোয়া লিগের শুরুতেই কোণঠাসা মোহন বাগান। পুলিস এসি’র কাছে হেরে সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন কোচ ডেগি কার্ডোজো। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। গত ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া সালাউদ্দিনরা। বুধবার বিকেলে রাজারহাটে সেন্টার অব এক্সেলেন্সের মাঠে ঘণ্টা দেড়েকের অনুশীলনে মূলত ছেলেদের বোঝাপড়ার উপর জোর দেন সবুজ-মেরুন কোচ ডেগি কার্ডোজো।
কালীঘাট ম্যাচের আগে অবশ্য অনুশীলন মাঠ নিয়ে বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে মোহন বাগানকে। ডুরান্ড কাপের জন্য যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ড চলে গিয়েছে সেনাবাহিনীর দখলে। তাই বাধ্য বয়ে সেন্টার অব এক্সেলেন্সের অ্যাস্ট্রোটার্ফের মাঠে প্রস্তুতি সারলে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। কিন্তু বৃহস্পতিবার ম্যাচ খেলতে হবে নৈহাটির ঘাসের মাঠে। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াও চ্যালেঞ্জ মোহন বাগান ফুটবলারদের সামনে। এই প্রসঙ্গে কোচ ডেগি জানান, ‘গত ম্যাচের হার থেকে আমাদের শিক্ষা নিয়ে এগতে হবে। কলকাতা লিগে ভালো পারফর্ম করা লক্ষ্য। তবে একইসঙ্গে ফুটবলার তুলে আনার উপর নজর দিতে হবে।’ বৃহস্পতিবার বেশ কিছু পরিবর্তন আসতে পারে মোহন বাগান দলে। গত ম্যাচে চোট পাওয়া ডিফেন্ডার উমেরের জায়গায় প্রথম একাদশে শুরু করবেন আদিত্য মণ্ডল।
এদিকে, লিগের শুরুটা ভালো হয়নি কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের। প্রথম ম্যাচে ড্রয়ের পর শেষ ম্যাচে পাঠচক্রের কাছে ০-২ গোলে বশ মানে তারা। তাই বৃহস্পতিবার মোহন বাগানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া কালীঘাট। ইতিমধ্যেই দলের টিডি হিসেবে যোগ দিয়েছেন সাব্বির আলি। দলের দায়িত্বে বিশ্বেশ্বর সিং। তাঁর কথায়, ‘গত ম্যাচে আমরা একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ। বরং ভাগ্য ভালো, আরও বড় ব্যবধানে হারিনি। তবে তা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। মোহন বাগান ভারতীয় ফুটবলের অন্যতম বড় ক্লাব। এটা ঠিক, গতবারের চেয়ে এবার তাদের দল অনেকটাই দুর্বল। তবে হাল্কাভাবে নিলে চলবে না। আমরা জয়ের জন্যই ঝাঁপাব।’
নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ৩টেয়। সম্প্রচার এসএসইন অ্যাপে।