নয়াদিল্লি (পিটিআই): গত প্রায় দু’বছরে ইজরায়েলের হামলায় ৫৫ হাজারের বেশি প্যালেস্তিনীয় নাগরিকের প্রাণ গিয়েছে। এর মধ্যে ১৭ হাজার শিশু। তা সত্ত্বেও গাজা সংকট নিয়ে নরেন্দ্র মোদি সরকারের ‘নীরবতা’য় সুর চড়ালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার একটি হিন্দি দৈনিকে লেখা নিবন্ধে তাঁর তোপ, গাজায় ইজরায়েলের সামরিক অভিযান ‘গণহত্যা’র শামিল। কিন্তু মানবতার এই অসম্মান সত্ত্বেও মোদি সরকার নীরব দর্শকের ভূমিকা নিয়ে চলেছে। এর ফলে আমাদের সাংবিধানিক মূল্যবোধের প্রতি কাপুরুষের মতো বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। ‘গাজা সংকটে মৌন দর্শক মোদি সরকার’ শীর্ষক নিবন্ধে সোনিয়া লিখেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের নিরপরাধ পুরুষ, মহিলা ও শিশুদের উপর হামাস যে বর্বরোচিত হামলা চালিয়েছিল, তা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। ওই ঘটনা নিন্দাজনক। কিন্তু প্রতিশোধের অছিলায় গাজার সাধারণ মানুষের উপর ইজরায়েল সরকার যে জঘন্য, অপরাধমূলক কাজ করছে, সেটাও স্বীকার করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে, আরও স্পষ্ট করে বললে মানুষ হিসেবে সেটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। গাজার মানুষের উপর ইজরায়েলের এই বিরামহীন, ভয়ঙ্কর হামলা সত্ত্বেও লজ্জাজনকভাবে নীরবতা বজায় রেখে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই অবস্থান খুবই হতাশাজনক, নৈতিক কাপুরুষতা।



